
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর বাজারে তিনটি কারখানায় চিটাগুড়ের সঙ্গে চিনি, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। এখান থেকে প্রতি সপ্তাহে ৬০ থেকে ৭০ মেট্রিক টন গুড় যাচ্ছে বিভিন্ন জেলায়।
কারখানা তিনটির মালিক উপজেলার উজানচর গ্রামের মো. গিয়াস উদ্দিন, মো. খোকন মিয়া ও অজিত সাহা। তাঁরা পাঁচ-ছয় বছর ধরে গুড়ের ব্যবসা করে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথম আলোকে বলেন, এসব কারখানায় চিটাগুড়ের সঙ্গে সোডিয়াম বাই কার্বনেট, রং, ফিটকিরি ব্যবহার করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৪ জুলাই ভেজাল গুড় তৈরির অপরাধে এই তিনটি কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।
উজানচর বাজারে তৈরি গুড় রাজধানীর কারওয়ান বাজারসহ সাভার, কেরানীগঞ্জ, নরসিংদী সদর, ঘোড়াশাল, গাজীপুর, কুমিল্লা, হোমনা, তিতাস, মেঘনা, দাউদকান্দি, কোম্পানীগঞ্জ বাজার, ভৈরব, বাঞ্ছারামপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকারদের কাছে বিক্রি করা হয়। ট্রাক, পিকআপ ও ইঞ্জিনচালিত নৌকায় করে এসব গুড় সরবরাহ করা হয়।
সরেজমিনে গত ৩০ এপ্রিল উজানচর বাজারে গিয়ে দেখা যায়, গিয়াস উদ্দিনের কারখানায় তিনটি চুল্লি, খোকন মিয়ার কারখানায় তিনটি চুল্লি ও অজিত সাহার কারখানায় দুটি চুল্লি রয়েছে। প্রতিটি কারখানায় ১২-১৫ জন করে শ্রমিক কাজ করেন। এসব কারখানার পরিবেশ নোংরা। মেঝে স্যাঁতসেঁতে। ভনভন করে উড়ছে মাছি। চিটাগুড়, রং, ফিটকিরি, সোডিয়াম বাই কার্বনেট ও কয়েক শ বস্তা চিনি মজুত রাখা হয়েছে।
কারখানা তিনটির শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিটা ও পচা গুড় উত্তরাঞ্চল থেকে ট্রাকে করে উজানচর বাজারে আনা হয়। পরে চিটাগুড়ের সঙ্গে পানি ও চিনি মিশিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় মিশ্রণ তৈরি করা হয়। ওই মিশ্রণে কাপড়ে দেওয়া লাল রং ও সোডিয়াম বাই কার্বনেট মেশানো হয়। এরপর ওই গুড় মাটির গামলায় ভরে পাইকারদের কাছে বিক্রি করা হয়।
শ্রমিক মো. মোস্তফা বলেন, ‘রং দেওয়া অয় গুড়টা সুন্দর দেখা যাওনের জন্য। আর ফিটকিরি দেওয়া অয় কোনো ময়লা থাকলে সেইডা পরিষ্কার হওনের লাইগা।’
একটি কারখানার মালিক অজিত সাহা বলেন, ‘হেইবার ভ্রাম্যমাণ আদালতের টাকা আমরা তিনজনে ভাগ করে দিয়েছিলাম। আমার দুটি চুলা রয়েছে একটা কোনো রকমে চালাইতাছি। ভেজাল গুড় বানাই না, চিনি দিয়া গুড় বানাই। সাদা দানাদার যেই জিনিসটা দেওয়া হয় সেইটা কোনো কেমিক্যাল না, গুড়ডা ভালো রাখনের লাইগা এইডা দেওয়া হয়।’ অন্য একটি কারখানার মালিক খোকন মিয়া বলেন, ‘চিনি মিশাইয়া গুড় তৈরি করি। কেমিক্যাল আমরা মিশাই না। সরকার অনুমোদিত মিনা রং দিই, আর পানি পরিষ্কার করনের লাইগা ফিটকিরি ও খাওনের সোডা মিশাই (সোডিয়াম বাই কার্বনেট)।’
কারখানার মালিক গিয়াস উদ্দিন বলেন, ‘গুড়ের রং সুন্দর করার জন্য লাল রং মেশানো হয়। গুড় পরিষ্কার করার জন্য ফিটকিরি আর খাওনের সোডা ব্যবহার করা হয়। এতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, রং, ফিটকিরি ও সোডিয়াম বাই কার্বনেট মেশানো গুড় দীর্ঘদিন খেলে মানুষের শরীরের বড় ধরনের ক্ষতি হতে পারে।
ইউএনও নূর-ই-খাজা আলামীন বলেন, ‘উজানচর বাজারে ভেজাল গুড় তৈরির কারখানা আছে বলে আমি শুনেছি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব কারখানার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’