তিন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি
গাজীপুর সদর উপজেলায় ও টঙ্গীতে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। একই দিন শ্রমিকদের মারধর করার প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি বোতাম তৈরির কারখানার শ্রমিকেরা একই কর্মসূচি পালন করেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গাজীপুর: কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের কাছ থেকে জানা গেছে, ৫ আগস্ট অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদর উপজেলার তেলিপাড়া এলাকার ক্রিস্টাল মার্টিন বিডি লিমিটেড নামের কারখানার ১৬ শ্রমিককে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ঈদের ছুটি শেষে গত শনিবার কারখানাটি খোলা হয়। ওই দিন শ্রমিকেরা কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। গতকাল কারখানায় এসে শ্রমিকেরা আবারও একই কর্মসূচি পালন করেন। শ্রমিকেরা সকাল সাড়ে নয়টার দিকে মিছিল নিয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে দুপুরের দিকে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসে। কর্তৃপক্ষ ছাঁটাই করা শ্রমিকদের সব পাওনা সোমবার পরিশোধ করার সিদ্ধান্ত নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। টঙ্গী: শিল্প পুলিশ জানায়, টঙ্গী দত্তপাড়ার ফর এভার ফ্যাশন নামের সোয়েটার কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া ছিল। গতকাল দুপুরের খাবার খেয়ে কারখানায় ফিরে শ্রমিকেরা ঢোকার সময় তালা ঝুলতে দেখে বিক্ষোভ শুরু করেন। তখন কর্তৃপক্ষ কারখানা না খোলার সিদ্ধান্তের কথা জানায়। পরে শ্রমিকেরা মূল ফটকের সামনের রাস্তায় বিক্ষোভ করেন। কারখানার চেয়ারম্যান মো. জসিম বলেন, কারখানার পরিচালক ষড়যন্ত্রমূলকভাবে কারখানাটিতে তালা দিয়েছেন। ওই পরিচালক কারখানাটির মাত্র ১০ শতাংশ অংশীদার। জসিম বলেন, তিনি যেকোনো মূল্যে কারখানা চালু রাখবেন। শ্রমিকদের বকেয়া বেতনও পরিশোধ করবেন। গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনির বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের চেষ্ট চলছে।নারায়ণগঞ্জ: আদমজী ইপিজেডে পিএমএস বাটন নামের একটি বোতাম তৈরির কারখানায় ২৫০ জন শ্রমিক কাজ করেন। প্রতিষ্ঠানটিতে দুপুরের খাবার সরবরাহ করেন মঈন নামের এক ঠিকাদার। প্রায়ই ওই ঠিকাদার দেরিতে খাবার সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। গতকাল দুপুরে দেরিতে খাবার সরবরাহ করার প্রতিবাদ করায় মঈনের লোকজন চারজন শ্রমিককে মারধর করে। এর প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করেন। এ সময় প্রতিষ্ঠানটির মানবসম্পদ কর্মকর্তা রায়হান এসে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে বেধড়ক পিটুনি দেন। আহত রায়হানকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এরপর প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।