তিন কারণে চট্টগ্রামে প্রতিদিনই অগ্নিকাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নাঘরের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে গত রোববার ভোরে জীবনটাই ওলটপালট হয়ে গেছে দুই বছরের শিশু আদিয়াতের। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে তার মা-বাবা মারা গেছেন। শিশুটির জীবনে নেমে এসেছে ঘোর অনিশ্চয়তা। ওই অগ্নিকাণ্ডে ঘর পুড়ে সর্বস্বান্ত হয়েছে আদিয়াতদের আরও ছয় প্রতিবেশী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম নগরে ৪৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ, গড়ে প্রতিদিনই কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস বলছে, এ বছর এখন পর্যন্ত অগ্নিদুর্ঘটনায় চট্টগ্রাম নগরে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ বছর যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এর পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। বৈদ্যুতিক গোলযোগ, চুলার আগুন ও জ্বলন্ত সিগারেটের টুকরা। ৪৫৪টি অগ্নিকাণ্ডের মধ্যে ৩১০টি ঘটনার পেছনে এই তিন কারণ দায়ী। এর মধ্যে বৈদ্যুতিক গোলযোগের কারণে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ঘটেছে। ১৯৮টি অগ্নিকাণ্ডের পেছনে দায়ী বৈদ্যুতিক গোলযোগ। এ ছাড়া গাড়ি বা কলকারখানার ইঞ্জিনের ঘর্ষণ, খোলা বাতি, অতিরিক্ত তাপ ইত্যাদি কারণেও আগুন লাগার ঘটনা ঘটেছে।
অবশ্য ফায়ার সার্ভিসের হিসাবে, গত বছরের তুলনায় এ বছর চট্টগ্রাম নগরে অগ্নিকাণ্ডের সংখ্যা সামান্য কমেছে। গত বছর অগ্নিকাণ্ডের ঘটনা ছিল ৫১২টি। ২০১৪ সালে ছিল ৫০৩টি। নগরে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে আটটি। ফায়ার সার্ভিসের হিসাবে চলতি বছর এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ কোটি ৪ লাখ ১৩ হাজার টাকা। গত বছর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৮ কোটি ৬২ লাখ ২৭ হাজার টাকা।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান মোহাম্মদ নাজমুল লতিফ প্রথম আলোকে বলেন, চুলার আগুন থেকে কিংবা বৈদ্যুতিক গোলযোগের কারণে বস্তিতে বেশি আগুন লাগে। সাধারণত দেখা যায়, বস্তিতে যেসব চুলা ব্যবহার করা হয়, সেগুলো খোলা চুলা। যদি বন্ধু চুলার মতো পরিবেশবান্ধব ও নিরাপদ চুলার ব্যবহার নিশ্চিত করা যায়, তাহলে অগ্নিদুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব। এ ছাড়া বিভিন্ন বস্তির মালিকেরা বৈধ-অবৈধ সংযোগ নেওয়ার সময় প্রায়ই নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেন। এসবের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা তৈরি করা দরকার।
গত ১১ সেপ্টেম্বর অগ্নিদুর্ঘটনার শিকার হয়ে জীবনের সর্বস্ব খুইয়েছেন মো. ইসমাইল। দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার কলসি দিঘির পাড় রেলওয়ে বস্তিতে থাকতেন তিনি। বস্তির যে ঘরে থাকতেন, এর কাছেই চা ও প্রসাধনসামগ্রী বিক্রির দোকান ছিল তাঁর। সর্বনাশা আগুনে দোকানের মালপত্র থেকে শুরু করে ঘরের হাঁড়িপাতিল সবই হারিয়েছেন তিনি। ওই দিন অগ্নিকাণ্ডে পুড়ে যায় বস্তির ৮০টি বসতঘর ও ১২টি দোকান। প্রাণ হারান মা-মেয়ে দুজন।
তিন মাস আগে আগুনে সর্বস্বান্ত হওয়া মো. ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘১২ বছর একটানা মানুষের দোকানে কাজ করে কিছু টাকা সঞ্চয় করেছিলাম। ওই টাকা দিয়ে দেড় বছর আগে নিজেই দোকান দিই। ভালোই চলছিল। কিন্তু এক রাতের আগুনে সব শেষ। এখন আবার ধার-দেনা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু কেউ তো সহজে ঋণ দিতে চায় না।’
ওই অগ্নিকাণ্ডের এক সপ্তাহ আগে গত ৪ সেপ্টেম্বর সুগন্ধা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় আগুন লাগে। প্রাণে বাঁচতে ভবনের বাসিন্দারা ছাদে গিয়ে জড়ো হন। ছাদ নিরাপদ না হতে পারে এই আতঙ্কে পয়োনিষ্কাশন পাইপ বেয়ে ছাদ থেকে নামতে গিয়ে পিছলে পড়ে মারা যায় জান্নাতুন নামের এক গৃহপরিচারিকা। এ ছাড়া ৪ ফেব্রুয়ারি পোস্তারপাড় এলাকায় জ্বলন্ত সিগারেটের কারণে সৃষ্ট আগুনে পুড়ে মারা যায় দুটি খামারের ৫২টি ছাগল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, ‘কাঁচা বসতবাড়ি ও ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে। আর বহুতল ভবনে আগুন লাগার অন্যতম প্রধান কারণ বৈদ্যুতিক গোলযোগ। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতায় দেখেছি, বহুতল ভবনগুলোতে বিদ্যুতের অনুমোদিত লোডের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা হয়। অসচেতনতার কারণে কিংবা অর্থ সাশ্রয়ের জন্য মানসম্মত বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হয় না। এর কারণে শর্টসার্কিট (বৈদ্যুতিক গোলযোগ) বেশি হচ্ছে।’
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, দ্রুত সময়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সরু রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। অনেক সময় আগুন নেভানোর জন্য আশপাশে পানির উৎসও পাওয়া যায় না।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক আবদুস সাত্তার মন্ডল বলেন, বস্তি এলাকা তো বটেই, অনেক সময় বহুতল ভবন বা কলকারখানার আগুন নেভাতেও নানা ধরনের সমস্যায় পড়তে হয়। বিল্ডিং কোড মেনে যদি বহুতল ভবনগুলো তৈরি হতো, তাহলে এ সমস্যা হতো না। মাটি থেকে ১৩৫ ফুট উঁচু পর্যন্ত ভবনে আগুন নেভানোর জন্য চট্টগ্রামে এখন দুটো গাড়ি আছে। কিন্তু সরু রাস্তার কারণে বিশাল আকারের গাড়িগুলো গলিতে ঢোকানোর মতো অবস্থা থাকে না।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুনের সময় করণীয় সম্পর্কে জানতে শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার এমনকি বস্তি এলাকায় বিভিন্ন সময়ে মহড়ার আয়োজন করা হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে সচেতনতা তৈরির কাজ সহজ হতো বলে কর্মকর্তারা জানান।