তিন কারণে চট্টগ্রামের জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরিনা হোসেন
জেরিনা হোসেন

প্রথম আলো: চট্টগ্রামের জলাবদ্ধতার কারণগুলো কী কী?

জেরিনা হোসেন: তিনটি কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পাহাড় কাটার কারণে এর মাটি ও বালু বৃষ্টির পানির সঙ্গে এসে নালা-নর্দমা ভরাট হয়ে যাচ্ছে। আবার যেসব নালা-নর্দমা আছে, সেগুলো মানুষ দখল করে স্থাপনা তৈরি করছে এবং সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সর্বশেষ কারণটি হচ্ছে, খাল দিয়ে প্রবাহিত হয়ে পানি যেখানে পড়বে (কর্ণফুলী নদীতে), সেখানে মুখগুলো উঁচু হয়ে গেছে। ফলে জোয়ারের সময় নদীর পানি সহজে প্রবেশ করছে, পরে আর বের হতে পারছে না।

প্রথম আলো: বর্তমান নগর পরিস্থিতি কেমন?

জেরিনা হোসেন: দ্রুত মানুষ বাড়ছে। পরিকল্পিতভাবে নগরায়ণের কোনো সুযোগ-সুবিধা নেই। মানুষ যত্রতত্র বাড়ি তৈরি করছে। আগে যেখানে পানি জমত, সেগুলো ভরাট করছে। পাহাড় কেটে ফেলছে। সব মিলিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত এই নগর।

প্রথম আলো: মেয়ররা প্রতিবার নির্বাচনের আগে জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দেন। কিন্তু কোনো পরিবর্তন হয় না। কেন?

জেরিনা হোসেন: সিটি করপোরেশনের একার পক্ষে এই সমস্যা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। তাদের যে বাজেট বা যত টাকাই দেওয়া হোক না, তাদের পক্ষে কঠিন। নালা-নর্দমা ও খাল থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে করতেই সিটি করপোরেশনের জীবন শেষ। তারা এখান থেকে উতরাতেও পারবে না। পারার কথাও নয়। আর জলাবদ্ধতা নিরসনের একটি মহাপরিকল্পনা রয়েছে। সেখানে সমস্যা সমাধানে সবকিছু সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু এক মেয়র এটি শুভংকরের ফাঁকি বলে বাস্তবায়নে হাত দেননি। তিনি তো টেকনিক্যাল (কারিগরি) পারসন নন। ফলে এই সমস্যা আরও প্রকট হয়েছে।

প্রথম আলো: তাহলে সমাধান কী?

জেরিনা হোসেন: এ জন্য সরকারি সব সংস্থা, যেমন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) সিটি করপোরেশনের সঙ্গে একযোগে কাজ করতে হবে। বড় ধরনের কাজগুলো করবে উন্নয়ন কর্তৃপক্ষ। সিটি করপোরেশন খাল ও নালা-নর্দমা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করবে। পাশাপাশি পুরো নগরকে ছোট ছোট এলাকায় ভাগ করে কাজ করা যেতে পারে। নগরবাসীকেও সচেতন হতে হবে। তা না হলে জলাবদ্ধতা দূর হবে না।

জেরিনা হোসেন: স্থপতি, সাধারণ সম্পাদক, পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম

সাক্ষাৎকার নিয়েছেন সুজন ঘোষ