তিন কারণে জলাবদ্ধতা
চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে তিন কারণে। ড্রেনেজ মহাপরিকল্পনার বাস্তবায়ন ছাড়া এর সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের দৃষ্টিতে জলাবদ্ধতার তিন কারণ হলো: নগরের খাল ও নালা-নর্দমাগুলো দখল হয়ে যাওয়া, অপরিকল্পিত ড্রেনেজ-ব্যবস্থা গড়ে তোলা এবং অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের পানি নিষ্কাশনের জন্য ১৬টি মূল খাল রয়েছে। প্রায় প্রতিটি খালের বিভিন্ন অংশ দখল হয়ে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নগরের মহেশখাল, পাথরঘাটার মিয়াবিবি খাল, চান্দগাঁও এলাকার বংশাল খাল, ২ নম্বর গেটের চশমা খাল, পাহাড়তলীর কালিরছড়া,
মুরাদপুরের মির্জা খালের গুরুত্বপূর্ণ অংশ দখল করে স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। অবশ্য সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত কয়েকটি খালে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক স্বপন কুমার পালিত প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের নজরদারির অভাবে অনেক খাল দখল হয়ে গেছে। অপরিকল্পিত ড্রেনেজ-ব্যবস্থা ও স্থাপনা নির্মাণ করে বিদ্যমান খালগুলোর গতিপথ নষ্ট করে দেওয়া হয়েছে।
নালা-নর্দমার ওপর অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের অভিযোগ সিটি করপোরেশনের বিরুদ্ধেও রয়েছে। শহরের প্রবর্তক এলাকায় হিজড়া খালের ওপর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ করে করপোরেশন। বহদ্দারহাট এলাকায় নালার ওপর বিপণিবিতান নির্মাণের কাজ শুরু করলেও পরে আদালতের নিষেধাজ্ঞায় তা বন্ধ করে সংস্থাটি।
নগর পরিকল্পনাবিদ স্থপতি জেরিনা হোসেন বলেন, বর্তমানে যে নগরায়ণ হচ্ছে, এক কথায় তা অপরিকল্পিত ও লোভসর্বস্ব। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে অগ্রাধিকার বিবেচনা না করে। পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরায়ণ করা না হলে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি নেই।
নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। নব্বইয়ের পর এ সমস্যার শুরু৷ এর পর থেকে ক্রমশ প্রকট হচ্ছে জলাবদ্ধতার সমস্যা৷
ইউএনডিপি ও ইউএনসিএইচএসের সহায়তায় সিডিএ ১৯৯৫ সালে ড্রেনেজ মহাপরিকল্পনা প্রণয়ন করেছিল। এর বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল সিটি করপোরেশনকে।
এই মহাপরিকল্পনায় পুরো শহরকে ১০টি এলাকায় বিভক্ত করা হয়। জলাবদ্ধতা সমস্যা নিরসনের জন্য তিনটি নতুন খাল খননের সুপারিশ করা হয়। উল্লেখযোগ্য সুপারিশগুলো ছিল: বিদ্যমান খালগুলোর বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ, পুরাতন খালের গভীরতা ও প্রশস্ততা বৃদ্ধি, পাহাড়ের পলিমাটি ধারণের জন্য সিল্টট্র্যাপ নির্মাণ, জলাধার নির্মাণ, জোয়ারের সময় নদীর পানি যাতে নগরে ঢুকতে না পারে, এ জন্য কর্ণফুলী নদীর সংযোগ খালের মুখে জোয়ারনিয়ন্ত্রক স্থাপন ইত্যাদি।
এই মহাপরিকল্পনা বাস্তবায়নে বাজেট ধরা হয়েছিল ৯২৩ কোটি টাকা। এখন এটি বাস্তবায়নে দুই থেকে আড়াই হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন মেয়র মন্জুর আলম।