তিন কারণে ঝুঁকিপূর্ণ ভবন নির্মিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে নির্মিত ভবনগুলো মূলত তিনটি কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে ভবনগুলো দুর্বল থাকে। ঘটছে নানান দুর্ঘটনা।
গতকাল রাজধানীর একটি হোটেলে ভূমিকম্পবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে সভাপতির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এ কথা বলেছেন।
‘ঝুঁকিপূর্ণ ভবনগুলোর রেট্রোফিটিং এবং নিরাপদ শহর নিশ্চিত করতে ভবন নির্মাণে গুণগত মান নিশ্চিতকরণ’ শীর্ষক দুই দিনের এ সেমিনারের সমাপনী দিন ছিল গতকাল। গণপূর্ত অধিদপ্তর ও জাপানি উন্নয়ন সংস্থা জাইকার যৌথ উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়।
ভবনগুলোকে ভূমিকম্প সহনশীল করতে রেট্রোফিটিং প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়ে জামিলুর রেজা চৌধুরী বলেন, মূলত তিনটি কারণে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রথমত, ভবনের নকশা থেকেই বিম বা স্তম্ভ বাদ দেওয়ায় কাঠামো দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়ত, ভবনের নিচের অংশ একদম ফাঁকা রেখে দেওয়া হয়। এর ফলে ভবনের ওপরের দিকটি ভারী ও নিচের অংশ দুর্বল থাকে। তৃতীয়ত, ভবনের প্রতিটি তলার জানালাগুলোকে সংযুক্ত করে যে লিংকটেল দেওয়ার নিয়ম রয়েছে, তা এখনকার বেশির ভাগ ক্ষেত্রে থাকে না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল মালেক শিকদার। তিনি সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় ২০০৯ সালের একটি জরিপের তথ্য উল্লেখ করে বলেন, রিখটার স্কেলে সাত মাত্রা অর্থাৎ তীব্র ভূমিকম্প আঘাত হানলে রাজধানীর তিন লাখ ২৬ হাজার ভবনের ৮৩ শতাংশ ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে ৭৩ শতাংশ ভবন পুরোপুরি ভেঙে পড়বে। একইভাবে চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হবে ৯২ শতাংশ এবং সিলেটের ৯৯ শতাংশ ভবন।
মালেক শিকদার আরও বলেন, জাইকার সহায়তায় গণপূর্ত অধিদপ্তর তৈরি পোশাক কারখানাগুলোকে ভূমিকম্প সহনশীল করার একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে। ওই প্রকল্পের কাছে আবেদন করা ২১৪টি তৈরি পোশাক কারখানার ১৫৯টি কাঠামোগত নকশা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি না থাকায় বাতিল করা হয়েছে। যে ৫৫টি কারখানা ভবন প্রকল্প থেকে পরীক্ষা করা হয়েছে, তার ৭৭ শতাংশ ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করেনি বলে প্রমাণ পাওয়া গেছে।
সেমিনারে বাংলাদেশ ছাড়াও জাপান, চীন, তুরস্ক, ভারত, নেপাল, ইন্দোনেশিয়ার ভূমিকম্প বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা অংশ নেন।