তিন কারণে নান্দাইলের খামারিরা দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের মুরগির খামারিরা ডিম ও মুরগি বিক্রি করে উৎপাদন খরচই তুলতে পারছেন না। এতে তাঁদের লোকসান গুনতে হচ্ছে। লোকসান হওয়ায় ইতিমধ্যে অনেকেই খামার বন্ধ করে দিয়েছেন। অনেকে খামার বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন। উপরন্তু খাদ্য ও ওষুধের মূল্য বেড়ে যাওয়ার বিষয়টি এখন তাঁদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার অন্তত ১০ জন খামারি বলেন, বর্তমানে একটি ডিম উৎপাদনে খরচ পড়ে গড়ে ৬ টাকা। পক্ষান্তরে বিক্রি করতে হচ্ছে গড়ে ৫ টাকা দরে। এ ছাড়া ব্রয়লার মুরগি উৎপাদনে প্রতি কেজিতে ১০০ টাকা খরচ হলেও বিক্রি করতে হচ্ছে ৮৮-৯৫ টাকায়।
এ রকম পরিস্থিতিতে ২০ থেকে ২৫ জানুয়ারি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হলেও সরকারের কাছ থেকে কোনো সুসংবাদ পাননি খামারিরা। বিকল্প কোনো উপায় খুঁজে না পেয়ে সুসময়ের অপেক্ষায় তাঁরা ব্যবসা টিকিয়ে রেখেছেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব বলেন, বাজারে প্লাস্টিকের ডিম বিক্রি হচ্ছে—এমন অপপ্রচারের কারণে খামারের ডিমের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। এতে ডিমের চাহিদা কমে গেছে। তাই বাজারে ডিমের দাম কমে গেছে। এটি হয়তো লোকসানের একটি কারণ হতে পারে। অপপ্রচারের বিরুদ্ধে সরকার নতুন আইন প্রণয়ন করেছে। আইনের সুষ্ঠু প্রয়োগ হলে এই পরিস্থিতি আর থাকবে না। খামারিদের খাদ্য ও ওষুধের চড়া মূল্যের অভিযোগ সম্পর্কে স্থানীয়ভাবে কিছু করার নেই। এটি জাতীয় পর্যায়ের বিষয়। নান্দাইলে ডিম উৎপাদনকারী লেয়ার মুরগির নিবন্ধিত খামারের সংখ্যা ৪০টি আর মাংস উৎপাদনকারী ব্রয়লার মুরগির ১৬টি। তবে নিবন্ধনের বাইরে আরও অনেক খামার আছে।
উপজেলা পোলট্রি মালিক সমিতির সাবেক সভাপতি মো. আহমেদুজ্জমান বলেন, ‘একসময় এই ব্যবসা রমরমা ছিল। তখন আমরা সমিতি করে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে নানা সমস্যা মোকাবিলা করেছি। এখন লোকসানের কারণে শতাধিক খামার বন্ধ হয়ে গেছে। সমিতির কার্যক্রমও অচল হয়ে পড়েছে।’ তাই এই মুহূর্তে সচল খামারের হিসাব তাঁর কাছে নেই। তবে বাজারের হিসাব তুলে ধরে আহমেদুজ্জমান বলেন, নান্দাইলে প্রতিদিন ৫০ হাজার ডিম উৎপাদন করা হয়।
নান্দাইল পৌর শহরের নতুন বাজারের কোয়ালিটি পোলট্রি অ্যান্ড ফিশ ফিডের ব্যবস্থাপক ভজন কুমার ভদ্র বলেন, পোলট্রি ও ব্রয়লার মুরগি বেড়ে ওঠার সময় ধাপে ধাপে নানা ধরনের খাবার দিতে হয়। বছরে প্রায় একাধিকবার খাবারের বাজারদরের পরিবর্তন হয়। একাধিক ডিলারের দোকান থেকে মূল্যতালিকা সংগ্রহ করে দেখা যায়, ২০১৩ সালে লেয়ার মুরগির ছয়টি ধাপের খাবারের গড় বাজারমূল্য ছিল ৩১ দশমিক ৮৩ টাকা। তখন খুচরা বাজারে ডিমের হালি ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হতো। ২০১৬ সালে খাবারের গড় বাজারদর দাঁড়ায় ৩৭ দশমিক ৬০ টাকা। ২০১৭ সালে ডিম ও মাংসের দাম কমতে শুরু করে। চলতি বছর প্রতিটি ধাপের খাবারের মূল্য এক থেকে দেড় টাকা বেড়েছে। কিন্তু ডিম ও মাংসের মূল্য আরও কমে গেছে। এ ছাড়া পোলট্রিশিল্পে ওষুধের দাম ২০-৩০ শতাংশ বেড়ে গেছে।
মো. সিরাজুল হক নামের এক খামারি বলেন, তাঁর খামারে দুই হাজার লেয়ার মুরগি আছে। প্রতিদিন তাঁর খামারে পাঁচ বস্তা খাদ্যের প্রয়োজন হয়। ৫০ কেজির প্রতি বস্তা খাবারের দাম ১ হাজার ৬৬৫ টাকা। সেই হিসাবে খাদ্য খাতে প্রতিদিন তাঁর ৮ হাজার ৩২৫ টাকা ব্যয় হয়। প্রতিদিন তাঁর খামারে সর্বোচ্চ ১ হাজার ৯০০টি ডিম উৎপাদন হয়। ডিম উৎপাদন ঠিক রাখার জন্য মুরগিকে ভিটামিন খাওয়াতে হয়। এ ছাড়া বিদ্যুৎ, শ্রমিক ও অবকাঠামো খাতে খরচ রয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৯০০টি ডিম উৎপাদন করতে তাঁর ১১ হাজার ৪০০ টাকা খরচ হয়। এসব ডিম বিক্রি করে তিনি ৯ হাজার ৫০০ টাকা পান। সে হিসাবে প্রতিদিন তাঁর ১ হাজার ৯০০ টাকা লোকসান হয়। আর প্রতি মাসে লোকসান হয় ৫৭ হাজার টাকা।
মো. ইলিয়াস কাঞ্চন নামের অপর এক খামারি জানান, বড় বড় খামারির একচ্ছত্র নিয়ন্ত্রণে চলে গেছে পোলট্রিশিল্প। এই শিল্পের যাবতীয় উপকরণের মূল উৎপাদকও তাঁরা। বর্তমানে মুরগির বাচ্চা, খাদ্য, ওষুধপত্র ও অন্যান্য উপকরণের দাম বেড়ে গেছে। পক্ষান্তরে ডিম বিক্রি করে উৎপাদন খরচ উঠে আসছে না।
অজিত পোলট্রির ব্যবস্থাপক অজিত সরকার বলেন, ‘ব্রয়লার মুরগির প্রতিটি বাচ্চা ৪০ টাকা ক্রয়মূল্য। একেকটি বাচ্চা এক মাসে দুই থেকে আড়াই কেজি খাদ্য খায়। ব্রয়লার মুরগির প্রতি কেজি খাবারের দাম (পরিবহন খরচসহ) গড়ে ৪০ টাকা। এ ছাড়া ওজন বৃদ্ধির জন্য মুরগিকে ভিটামিন খাওয়াতে খরচ হয়। সেই হিসাবে প্রতি কেজি মাংস উৎপাদনে খামারিদের খরচ হয় ১০০ টাকা। ওষুধ ও অন্যান্য খরচ আছে ২০ টাকা। ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি মুরগি ৮৮-৯৫ টাকায় বিক্রি করা যায়। হিসাব কষে বলুন, আমাদের লাভ না লোকসান হচ্ছে। সরকারের প্রাণিসম্পদ বিভাগ আলোকসজ্জার মাধ্যমে সেবা সপ্তাহ দৃশ্যমান করে তুললেও আমাদের জন্য কোনো সুখবর তারা দিতে পারেনি।’