
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজনীতিতে দুজনের বিরোধ অনেক পুরোনো। গত এক বছরে এই বিরোধে নতুন মাত্রা যুক্ত করেছে তিনটি বিষয়। এর একটি চট্টগ্রাম বন্দরের উন্নয়ন প্রকল্পে ঠিকাদার নিয়োগ নিয়ে দুজনের পরস্পরবিরোধী অবস্থান। অন্যটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা নিয়ে বিরোধ। সর্বশেষ হোল্ডিং ট্যাক্স (গৃহকর) হালনাগাদ করা নিয়ে দুজনের বিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। দুজনের একজন চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, অন্যজন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি। আ জ ম নাছির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত এক সপ্তাহে চট্টগ্রামে পৃথক দুটি অনুষ্ঠানে প্রকাশ্যে তাঁরা একে অন্যের বিষোদ্গার করেছেন। দুই নেতার অনুসারী ছাত্রদের মধ্যে বিরোধের জের ধরে গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুনের ঘটনা ঘটে। দুজনের দ্বন্দ্ব দলে ও ছাত্র সংগঠনে বিভেদ আরও বাড়াবে বলে মনে করছেন নেতা-কর্মীরা।
অবশ্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন মনে করেন, বর্তমান ও সাবেক মেয়রের বিরোধ দলে কোনো প্রভাব ফেলবে না। গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, এটা মহিউদ্দিন চৌধুরী ও নাছিরের মধ্যে ব্যক্তিত্বের দ্বন্দ্ব। এতে চট্টগ্রামে নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হলেও মূল সংগঠনে কোনো প্রভাব পড়বে না।
দলীয় সূত্র জানায়, গত ২৮ এপ্রিল নগরের ফিরোজশাহ এলাকার একটি স্কুলে মেয়র নাছির উদ্দীনের করা একটি মন্তব্যকে ঘিরে দুজনের মধ্যে বিরোধ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। মহিউদ্দিন চৌধুরীর নাম উল্লেখ না করে ওই অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, সাবেক একজন মেয়র মিথ্যা ও বানোয়াট তথ্য-উপাত্ত উপস্থাপন করে নাগরিকদের বিভ্রান্ত করছেন। নানামুখী ষড়যন্ত্রের কারণে কর আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রয়াস দুঃখজনক।
এর দুদিন পর ১ মে লালদীঘি মাঠে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে মেয়র নাছিরকে উদ্দেশ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘হুংকার বন্ধ করুন। নগরপিতা বানিয়েছি হুংকার দেওয়ার জন্য নয়।’ একই দিন সন্ধ্যায় শহীদ মিনারে অনুষ্ঠিত আরেকটি সমাবেশে তিনি বলেন, সংগঠন করতে হলে ব্যক্তিগত স্বার্থ পরিহার করতে হবে।
গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যাকাণ্ড নিয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগ কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ মহিউদ্দিন চৌধুরীর অনুসারী এবং অন্য পক্ষ মেয়র নাছিরের অনুসারী। নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার অনুসারী হিসেবে দীর্ঘ দিন ধরে ছাত্রলীগের দুটি ধারা সক্রিয় থাকলেও এই হত্যাকাণ্ডের পর বিরোধ প্রকাশ্য রূপ লাভ করে। হত্যাকাণ্ডের পর মেয়র এবং সাবেক মেয়রের অনুসারীরা পৃথকভাবে কর্মসূচি পালন করছেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সাবেক মেয়র। অন্যদিকে মেয়র নাছিরের মালিকানাধীন প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে অংশীদারির ভিত্তিতে বন্দরে কাজ করছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে গত বছরের জুলাইতে মহিউদ্দিন চৌধুরীকে বাদ দেয়। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যান মহিউদ্দিন চৌধুরী। এ নিয়েও দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর বিষয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘এটি আসলে সত্য-মিথ্যা ও ন্যায়-অন্যায়ের দ্বন্দ্ব। যিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিস্টার্ব করছেন এবং আমাকে ব্যর্থ করতে চান, কাজ-কর্মে বাধাগ্রস্ত করতে চান, তাহলে আমি কি বলব না?’
লালদীঘি মাঠে মহিউদ্দিনের বক্তব্য নিয়ে আ জ ম নাছির বলেন, ‘আমার তো মনে হয় ওনার মানসিক বিকৃতি ঘটেছে। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আর চট্টগ্রামবাসীও তাঁকে চেনেন ও জানেন। এ জন্য গত নির্বাচনের আগের নির্বাচনে তিনি লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছেন। জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছেন।’
মেয়র নাছিরের বক্তব্যের বিষয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘হোল্ডিং কর বাড়ানোর যে প্রক্রিয়া চলছে, তা সাধারণ মানুষ বহন করতে পারবে কি না, তা বিবেচনায় নিতে হবে। একটি ভবন নির্মাণের পর খরচ উশুল করতে ৩০ বছর লাগে। এরপর মধ্যে হোল্ডিং কর কয়েক গুণ বেড়ে গেলে বাড়ির মালিক ও ভাড়াটের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। সেই চাপ বহনের ক্ষমতা তাঁদের আছে কি না, দেখতে হবে।’
মহিউদ্দিন বলেন, ‘১৭ বছর মেয়র ছিলাম। নগরের কাঁচা ঘর ছাড়াও ব্যাংকঋণ নিয়ে যাঁরা বাড়ি নির্মাণ করেছেন, তাঁদের কর মওকুফ করেছি। এখন করের বোঝা বাড়তে দেওয়া হবে না। এ জন্য কেউ আমাকে মানসিক বিকারগ্রস্ত বললে কী বলার আছে? আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তিনবার বিপুল ভোটে মেয়র হয়েছি। চতুর্থবার হেরেছি। নির্বাচনে হারজিত থাকবেই।’
গৃহকর বাড়ানোর বিষয়ে মহিউদ্দিনের বক্তব্যের জবাবে মেয়র নাছির বলেন, পাঁচ বছর পর কর পুনর্মূল্যায়ন করা হয়। পাঁচ বছরের ব্যবধানে ভবনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। আবার স্থাপনার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (বহুতল) হয়েছে। এতে আগের করের সঙ্গে বতর্মান করের ব্যবধান তো থাকবেই। কাউকে বিভ্রান্ত করে লাভ নেই। কর আদায়ের ক্ষেত্রে অনিয়ম দূর করাকে কেউ যদি কর বর্ধিত করার কথা বলেন, তাহলে এই বক্তব্য কোনোভাবেই কাম্য হবে না।
জবাবে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘করের বোঝা না চাপিয়ে, কাউকে কষ্ট না দিয়ে চট্টগ্রামকে সবুজ ও সুন্দর নগরে পরিণত করেছিলাম। আমার আমলে চট্টগ্রাম নগর মডেল হিসেবে বিবেচিত হতো। করপোরেশন চালাতে হলে সেই যোগ্যতা ও দক্ষতার দরকার।’
সিটি করপোরেশনের কাজে সাবেক মেয়রের বিরোধিতার বিষয়ে আ জ ম নাছির বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হওয়ার পর ওনার বাসা থেকে সিটি করপোরেশনের ১২ কর্মচারীকে সরিয়ে নিয়ে আসি। জহুর হকার্স মার্কেটের ১২০টি দোকানের ভাড়া তিনি তুলে নিচ্ছেন। এ ছাড়া সিটি করপোরেশনের অনেক সম্পদ তিনি দখলে রেখেছেন। এগুলো ধরা হচ্ছে বলে তিনি খেপেছেন।’
জবাবে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘জহুর হকার্স মার্কেট আমি নিজ হাতে গড়েছি। মেয়র নির্বাচিত হওয়ার পর আমি হকার্স মার্কেটকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করে আয় বাড়ানোর পদক্ষেপ নিই। এটা নিয়ে প্রশ্ন কেন?’ করপোরেশনের ১২ কর্মীকে নিজের বাসায় রেখে কাজ করানোর বিষয়ে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে দুর্নীতি হলে তদন্ত কমিটি হোক। সিটি করপোরেশনের কোনো সম্পদ আমার দখলে থাকলে তার প্রমাণ তাঁকে (নাছির) দিতে হবে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক সদস্য তারেক সোলায়মান দুজনের দ্বন্দ্বকে দলের জন্য ‘ক্ষতিকর’ বলে মনে করেন। তিনি বলেন, গণমাধ্যমে তাঁদের বিরোধ উঠে এসেছে। এর মধ্যে নতুন করে বাতাস না দেওয়াই মঙ্গল।