তিন কারণে ফজলুলকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুলে ওয়ার্ড ছাত্রলীগের নেতা ফজলুল হক পাটোয়ারীকে তিনটি কারণে হত্যা করা হয়েছে বলে গ্রেপ্তার হওয়া ছয়জন জিজ্ঞাসাবাদে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তথ্য দিয়েছে। এগুলো হলো জমিসংক্রান্ত বিরোধ, একজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার জের এবং এলাকায় আধিপত্য ফিরে পাওয়া।ফজলুল হত্যা মামলাটি তদন্ত করা ডিবি পুলিশ এসব তথ্য দিয়েছে। এ হত্যায় জড়িত সন্দেহে ওই ছয়জনকে গত রবি ও সোমবার ঢাকা ও কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি পিস্তল, ২১টি গুলি এবং হত্যায় ব্যবহূত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন গোলাম মাহদিন ওরফে টিটু (৩০), শাহরিয়ার কবির ওরফে সায়মন (২৭), কামরুজ্জামান ওরফে আজাদ (৩৮), গোলাম কাদের ওরফে রুম্মান (২৬), মিজানুর রহমান ওরফে স্বাধীন (৪১) ও সোহরাব হোসেন আকন্দ ওরফে স্বপন (৪২)।গত ২১ এপ্রিল ৯৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফজলুলকে পূর্ব কাজীপাড়ায় ইটাখোলা বাজারের কাছে গুলি করে হত্যা করা হয়।ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ছয়জনকে মঙ্গলবার আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার ছিল তাঁদের রিমান্ডের তৃতীয় দিন। হত্যার ঘটনায় ২১ এপ্রিল জাহাঙ্গীর আলম নামের একজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এঁদের গ্রেপ্তার করা হয়।মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া সাতজনই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে হত্যার বর্ণনা দিয়েছেন। তাঁরা বলেছেন, ১৫ এপ্রিল মাহদিন, জাহাঙ্গীর ও তাঁর ভাই গোলাম কাদের, সেন্টু, কামরুজ্জামান, শাহরিয়ার এবং মিজানুর মিরপুর ২ নম্বরে ক্রিকেট স্টেডিয়ামের ক্রীড়াপল্লির সামনে ফজলুলকে হত্যার পরিকল্পনা করেন।ডিবির কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী ২১ এপ্রিল মাহদিন ও শাহরিয়ার মুখোশ পরে পূর্ব কাজীপাড়ায় রিকশা গ্যারেজে গিয়ে প্রথমে ফজলুলকে কোমরের বেল্ট ধরে টেনে বের করে আনেন। ফজলুল তখন মাহদিনকে বলেছিলেন, ‘ভাই, ভুল হয়ে গেছে মাফ করে দেন।’ এরপর মাহদিনের নির্দেশে শাহরিয়ার গুলি করলে একটি গুলি ফজলুলের হাতে লাগে। তখন মাহদিন ক্ষিপ্ত হয়ে শাহরিয়ারের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে গুলি করেন।মামলার আরেক তদন্ত তদারক কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, রিমান্ডে থাকা আসামিরা জানিয়েছেন, তিন কারণে তাঁরা ফজলুলকে হত্যা করেছেন।