তিন কারণে ফেনীর ফলাফল আশানুরূপ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগের ঘাটতি, সৃজনশীল প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের অস্পষ্ট ধারণা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ শিক্ষকের অভাবে ফেনী জেলায় এইচএসসি পরীক্ষায় এবারও ফলাফল আশানুরূপ হয়নি। কুমিল্লা বোর্ডের গড় পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ হলেও এ বোর্ডের অধীন ফেনী জেলার ফলাফল এই গড় মানেরও নিচে। জেলায় এবার পাসের হার ৬২ দশমিক ৫২ শতাংশ।
তবে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে গত বছরের তুলনায়। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৪০ জন। জেলার ২৯টি কলেজ থেকে ১০ হাজার ৩৪৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৬ হাজার ৪৭৩ জন। ২০১৫ সালে জেলার পাসের হার ছিল ৫১ দশমিক ৩৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১৩৩ জন।
ফেনীর সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহিউদ্দীন চৌধুরী, ছাগলনাইয়ার আবদুল হক চৌধুরী কলেজের অধ্যক্ষ কবির আহমদ, দাগনভূঞার রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মমিনুল হক ও জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ আবদুল হালিম বলেন, শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করছে না। সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের সঠিক ধারণা নেই। জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তির দক্ষ শিক্ষকও নেই। মূলত এসব কারণে এইচএসসির ফলাফল ভালো হয়নি।
জেলায় এবারও শহরের কলেজগুলো মফস্বলের কলেজগুলোর তুলনায় অনেক ভালো ফলাফল করেছে। ফেনী গার্লস ক্যাডেট কলেজ বরাবরের মতো এবারও শীর্ষে আছে। এ কলেজ থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন। ফেনী সরকারি কলেজ থেকে ১ হাজার ৩১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন। পাসের হার ৭৯ শতাংশ।
ছাগলনাইয়ার সামসুল করিম কলেজের ৪১২ জনের মধ্যে পাস করেছেন ৩৩৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ৪ জন। পাসের হার ৮২ শতাংশ। সোনাগাজীর বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম কলেজে ৬১০ জনের মধ্যে পাস করেছেন ১৯৬ জন। জিপিএ-৫ পেয়েছেন একজন। পাসের হার ৩২ শতাংশ। পরশুরাম সরকারি কলেজের ৩৮১ জনের মধ্যে পাস করেছেন ২২১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। পাসের হার ৫৮ শতাংশ।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ জাহানারা চৌধুরী বলেন, ভালো ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী সবাই খুশি হয়েছেন। তবে ভালো ফলাফলের জন্য শিক্ষকেরা শ্রেণিকক্ষে পাঠদানসহ বিভিন্ন কায়দায় শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করেছেন। ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ভালো ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও ছিল।