সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও মনুষ্য সৃষ্ট জলাবদ্ধতার কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুন্দরবনকে বিপর্যয়ের মুখে ফেলেছে। এসব কারণে দেশের মৎস্য, কৃষি ও পশুপালন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সুন্দরবন রক্ষায় অতীতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ভুলগুলো সংশোধন করে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।গতকাল বুধবার বাগেরহাট চিংড়ি গবেষণাকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ‘পরিবেশ সচেতনতা’বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বনসংরক্ষক ইউনুস আলী এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সার্কেলের বনসংরক্ষক জহির হোসেন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শুকুর আলী, পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, সুন্দরবন পশ্চিম ও পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা যথাক্রমে জহির উদ্দিন আহমেদ ও আমির হোসেন চৌধুরী। বক্তারা বলেন, দেশের অন্তত ছয় লাখ মানুষ সরাসরি সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন পেশার ওপর নির্ভরশীল। এ নির্ভরশীলতা কমাতে তাঁদের বিকল্প কাজের মাধ্যমে স্বাবলম্বী এবং সুন্দরবনের গুরুত্ব বিষয়ে সচেতন করে তুলতে হবে।