তিন কারণে যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ভোগান্তি কমছে না। তীব্র স্রোতে এ পথে ঠিকমতো ফেরি চলতে পারছে না। এ ছাড়া এখানে ফেরি ও ঘাট-সংকট দেখা দিয়েছে। এসব সমস্যার সমাধান না করলে এ নৌপথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
নদীতে তীব্র স্রোত: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গত ২০ জুলাই থেকে নদীতে পানি বাড়ায় তীব্র স্রোত দেখা দিয়েছে। স্রোতের বিপরীতে কুলিয়ে উঠতে না পেরে বসে রয়েছে কয়েকটি ফেরি। দৌলতদিয়া ঘাটের কাছে স্রোত আরও বেশি। এ কারণে প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে অন্য পথে ঘাটে পৌঁছাতে হয়। এতে স্বাভাবিকের চেয়ে ট্রিপের সংখ্যা কমে প্রায় অর্ধেকে নেমেছে।
কপোতী ফেরির প্রধান মাস্টার শফিকুল ইসলাম বলেন, ‘আগে দিনরাত ২৪-২৫টি করে ট্রিপ মারতাম। এখন কমে ১৬-১৭টি ট্রিপ মারা যায়। আগে নদী পাড়ি দিতে সময় লাগত ৩০ মিনিটের মতো। বর্তমানে লাগছে এক ঘণ্টা ১০ মিনিট কখনো বা তারও বেশি।’
ফেরি বিকল: ঘাটের অধিকাংশ ফেরি পুরোনো হওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে।œ অনেক ফেরির বয়স ২০ থেকে ৪০ বছর হয়েছে। এগুলো প্রায়ই মেরামত করতে হচ্ছে। ২০০১ সালে চীন থেকে আমদানি করা ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ ও ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’ নামের দুটি ফেরির ইঞ্জিন দুর্বল থাকায় স্রোতের বিপরীতে চলতে না পেরে ২০ ও ২১ জুলাই বন্ধ রাখা হয়। ৩০ জুলাই কে-টাইপ ফেরি ‘কপোতী’ বিকল হলে মেরামত শেষে গত মঙ্গলবার সকালে বের হয়। সম্প্রতি বিকল হয়ে পড়ে ইউটিলিটি ফেরি ‘বনলতা’ ও ‘মাধবীলতা’। এ ছাড়া ‘আমানত শাহ’ ও ‘খানজাহান আলী’ ফেরি দুটি মেরামতের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। বর্তমানে ১৯টির মধ্যে রো রো ছয়টি, কে-টাইপ দুটি ও পাঁচটি ইউটিলিটি ফেরি চালু আছে।
বিআইডব্লিউটিসি আরিচার নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, অধিকাংশ ফেরি পুরোনো হওয়ায় ইঞ্জিনে শক্তি কমেছে। স্রোতের বিপরীতে অতিমাত্রায় ইঞ্জিন চালাতে গিয়ে এবং একটানা ২৪ ঘণ্টা ফেরি চালাতে গিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে।
সংকটে ফেরিঘাট: দৌলতদিয়া ও পাটুরিয়ায় মোট আটটি ঘাটের মধ্যে পাঁচটি ভালো রয়েছে। বাকি তিনটি জোড়াতালি দিয়ে চলছে। তীব্র স্রোতে সড়ক ধসে ২৭ জুলাই দৌলতদিয়ার ৪ নম্বর, ৩ নম্বর ও র্যা ম ক্ষতিগ্রস্ত হওয়ায় ২৮ জুলাই ২ নম্বর ঘাট বন্ধ হয়। পরদিন ৩ নম্বর ঘাট চালু হয়। ৩১ জুলাই বিকেলে ২ নম্বর ঘাট মেরামত শেষে চালু হলেও সেখানে কে-টাইপ ছাড়া অন্য ফেরি ভিড়তে পারছে না। ৩ নম্বর ঘাটটিতে ছোট এবং ১ নম্বর ঘাটটিতে শুধু বড় ফেরি ভিড়তে পারছে। পাটুরিয়ার চারটি ঘাটের মধ্যে একটি ছোট এবং বাকি তিনটির মধ্যে ৫ নম্বর ঘাটে মধুমতি কারখানা থাকায় দুটি পকেটের একটি সব সময় বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসি আরিচার সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সোবহান বলেন, ‘ঘাট রক্ষায় অনেক আগেই বিআইডব্লিউটিএকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি। বড় উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে ঘাট রক্ষা করা মুশকিল হবে।’
ওই তিন কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুই ঘাটে প্রতিদিন গাড়ি আটকে যানজট সৃষ্টি হয়। মঙ্গলবার দৌলতদিয়ার ঘাট টার্মিনাল পার হয়ে মহাসড়কের ক্যানালঘাট পর্যন্ত যানবাহনের সারি দেখা যায়। যানজটের সুযোগে স্থানীয় দালাল সিন্ডিকেট অতিরিক্ত টাকা নিয়ে গাড়ি পার করে।
যশোর নওয়াপাড়া থেকে সারবোঝাই করে রোববার সন্ধ্যায় দৌলতদিয়ায় আটকা পড়েন ট্রাকচালক লাল চাঁদ। তিনি বলেন, যানজট এড়াতে অনেকে যমুনা হয়ে ঘুরে যাচ্ছে, কেউ ট্রিপ মারা বন্ধ রেখেছে। এতে কিছুটা গাড়ির চাপ কমেছে। দালালদের টাকা দিলে তারা গাড়ি আগে পার করে দেয়।