তিন কারণে যানজট, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল সকাল ১০টার দিকে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল সকাল ১০টার দিকে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এ যানজট শুরু হয়। চলে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত। এ কারণে পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি।

ট্রাফিক পুলিশ ও যানবাহনের চালকেরা বলেন, বৃহস্পতিবার বিকেলে মহাসড়কটিতে যানবাহনের চাপ বেড়ে যায়। রাতে মির্জাপুরে দুটি ট্রাক বিকল হয়। এ ছাড়া গত কয়েক দিনের বৃষ্টিতে গাড়ির চাকার ঘর্ষণে মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়। এ তিন কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট তৈরি হয়।

যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় উত্তরবঙ্গের অনেক লোক বাড়ির পথে ছোটেন। এ কারণে বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। রাত ১১টার পর মির্জাপুরের জামুর্কীতে একটি ট্রাক বিকল হলে মহাসড়কটিরএক পাশ দিনে যান চলতে থাকে। কিছুক্ষণ পর মির্জাপুর বাইপাসের চড়পাড়ায় আরেকটিট্রাক বিকল হলেযানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে মির্জাপুরের গোড়াইয়ে ক্যাডেট কলেজ এলাকা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকাজুড়ে জট বিস্তৃত হয়। পুলিশ বিকল ট্রাক দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে যানবাহন চলতে শুরু করে। তবে চলাচল স্বাভাবিক হতে গতকাল বেলা একটা বেজে যায়।

গতকাল সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, মহাসড়কটির জামুর্কী, পাকুল্যা, আছিমতলা সেতু, শুভুল্যা, কুর্ণী সেতু, মির্জাপুর বাইপাস, দেওহাটা, ধেরুয়া, সোহাগপুর ও গোড়াই এলাকায় বড় বড় গর্ত। সোহাগপুর থেকে গোড়াই পর্যন্ত কয়েকটি স্থানে এক ফুটের বেশি গভীর গর্ত রয়েছে। এ এলাকায় যানবাহন খুবই ধীরগতিতে চলছে। এ সময় টাঙ্গাইলগামী যান থেমে থেমে চললেও ঢাকাগামী যানবাহন থেমে ছিল।

জানতে চাইলে ঢাকাগামী আসাদ পরিবহনের বাসচালক মাহমুদ হাসান বলেন, রাত তিনটার দিকে তিনি সিরাজগঞ্জের চান্দাইকোনায় জটে পড়েন। ঠেলতে ঠেলতে সকাল ছয়টায় তিনি বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত এবং সোয়া ১০টায় মির্জাপুর পার হন। অথচ এই রাস্তাটুকু পাড়ি দিতে দুই ঘণ্টা সময় লাগার কথা।

ওই বাসে চড়ে নাতি-নাতনিদের নিয়ে ঢাকার সাভারে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন দিনাজপুরের আমবাড়ি এলাকার সহির উদ্দিন (৯০)। তিনি বলেন, ‘বাচ্চাগুলা খাওয়ার জইন্য কাঁদেছে। বমি করছে। কোনো দোকান-পাইট ন্যাই। গাড়ি থিক্যা নামবার পারি না। পায়খানা-পেশাব কীভাবে করে? খুব সমস্যা হইত্যাছে।’

রংপুরগামী ট্রাকের চালক লালন মিয়া বলেন, ‘রাস্তায় বড় গাতা (গর্ত) আর জ্যাম। চান্দুরা (গাজীপুরের চন্দ্রা) থিক্যা মির্জাপুর আইতে ২৫ মিনিটের জাগায় তিন ঘণ্টা সময় লাগছে। গাতা ঠিক না করলে বাস আর ট্রাকের এক্সেল ভাঙব। অ্যাক্সিডেন্ট অইবে।’

এ বিষয়ে মির্জাপুরের ট্রাফিক সার্জেন্ট প্রণব কুমার সরকার বলেন, রাতে মহাসড়কের বিভিন্ন স্থানে যান বিকল হওয়ার পাশাপাশি বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন স্বাভাবিকভাবে না চলতে পারায় জটের সৃষ্টি হচ্ছে। পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) উপবিভাগের মির্জাপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার প্রথম আলোকে বলেন, আবহাওয়া ভালো হওয়ার পর গতকাল ইট ও বিটুমিন দিয়ে জরুরিভাবে গর্তগুলোর মেরামত কাজ শুরু হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে রাস্তা ভালো হয়ে যাবে।