তিন কারণে 'দুর্নীতির ঊর্ধ্বে' সাংসদ আসলাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসলামুল হক
আসলামুল হক

ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক দাবি করেছেন, তিনটি কারণে তিনি ‘দুর্নীতির ঊর্ধ্বে’। ৫ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে আসলামের হাজির হওয়ার কথা। এর আগে আজ সোমবার মিরপুরের গোলারটেক মাঠে মিরপুর, শাহ আলী ও দারুস সালাম থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি নিজেকে ‘দুর্নীতির ঊর্ধ্বে’ থাকার বিষয়ে ব্যাখা দেন।
সাংসদ আসলাম বলেন, ‘তিনটি কারণে আমাকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতেই হবে। এক. জননেত্রী শেখ হাসিনার মনোনয়নের পর এখানকার (মিরপুর এলাকা) মানুষের ভালোবাসা ও ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। দুই. আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। তাই আমাকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতেই হবে। তিন. আমি তিন কন্যার বাবা। একজন ভালো বাবা হতে গেলে আমাকে জনগণের সেবা করতে হবেই। তাই আমাকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতেই হবে।’
২০০৮ সালের হলফনামায় সাংসদ আসলাম ও তাঁর স্ত্রী মাকসুদা হকের নামে চার একর ১৯ দশমিক ৫ শতাংশ জমি ছিল। এর দাম ২০ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। আর পাঁচ বছর পরে স্বামী-স্ত্রী মিলে ১৪ হাজার ৫৬৭ দশমিক ৫৪ শতাংশ জমির মালিক, যার দাম এক কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

দুই হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, সাংসদ থাকাকালে আসলাম ও তাঁর স্ত্রীর জমি ১৪০ একরের বেশি বেড়েছে। আর এই বাড়তি জমির দাম দেখিয়েছেন এক কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা। জমির এই মূল্যকে অস্বাভাবিক বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে। এ কারণে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৫ মার্চ তাঁকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। দুদকে হাজিরা দেওয়ার আগেই নিজেকে নির্দোষ দাবি করলেন সাংসদ আসলাম।