তিন কিলোমিটার রাস্তার জন্য যত ঝক্কি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দক্ষিণ কাঁকনহাটি গ্রামে তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা পাকা না করায় পাঁচ গ্রামের প্রায় আট হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। বর্ষাকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই রাস্তা দিয়ে চলাচল করতে বেশি সমস্যা হয়। একইভাবে কৃষিপণ্য বাজারে নিতে গিয়েও কৃষকেরা দুর্ভোগে পড়েন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কাঁকনহাটি, ভাইদগাঁও, তারাকান্দি, চর সৈয়দভাকুরী ও সোহাগী ইউনিয়নের হাটুলিয়ার একাংশের মানুষ ওই রাস্তা দিয়ে উপজেলার ঈশ্বরগঞ্জ বাজার, সোহাগী বাজার ও রায়েরবাজারে যাতায়াত করেন। প্রায় ২৫ বছর ধরে সংস্কার না করায় এখন আর ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে না।
শুষ্ক মৌসুমে হেঁটে যাতায়াত করতে পারলেও বর্ষায় চলাচল করা খুবই কঠিন হয়ে পড়ে। পাঁচ গ্রামের বেশির ভাগ শিশুই ভাইদাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। যানবাহন চলাচল না করায় ছোট ছোট শিশুদের হেঁটেই বিদ্যালয়ে যেতে হয়।
মাছের খামারের কয়েকজন মালিক জানান, চর সৈয়দভাকুরী ও ভাইদগাঁও গ্রামে কয়েকটি মাছের খামার রয়েছে। এসব খামার থেকে মাছ ঈশ্বরগঞ্জ বা রায়ের বাজারে নিতে হলে পাকা সড়ক পর্যন্ত আনতে অনেক ঝক্কি পোহাতে হয়। মাছচাষিরা জানান, এতে করে তাঁদের ভোগান্তি ও ব্যয় দুটিই বাড়ে।
ভাইদগাঁও গ্রামের মাছচাষি জয়নাল আবেদীন বলেন, একাধিক জনপ্রতিনিধি বিগত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনের আগে রাস্তাটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিজয়ী হওয়ার পর তাঁরা কেউ তাঁদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেননি।
ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারিছ উদ্দিন বলেন, রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী দীন মোহাম্মদ বলেন, রাস্তাটি পাকা করার প্রস্তাব তিনি শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।