তিন কিলোমিটার কাঁচা রাস্তা ভোগান্তি ২০ হাজার মানুষের
নড়াইল সদর উপজেলার কুরুলিরা-চণ্ডীবরপুর রাস্তাটি পাকা না করায় আট গ্রামের ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এ দাবি পূরণ না করায় তাঁরা সম্প্রতি রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
কুরুলিয়া গ্রামের মাসুদুল ইসলাম জানান, সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগর থেকে চালিতাতলা-রতডাঙ্গা হয়ে একটি সড়ক নড়াইল শহরে গিয়ে মিশেছে। এ সড়কের কুরুলিয়া থেকে গন্ধব্যখালী গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এখনো কাঁচা রয়ে গেছে।
উপজেলার নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ হাফিজুর রহমান জানান, ওই ইউনিয়নের কুরুলিয়া, রাজাপুর, চণ্ডীবরপুর, শংকরপুর, গন্ধব্যখালী, ফুলবাড়িয়া, বাধাল, চালিতাতলা, রতডাঙ্গাসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে। শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে চণ্ডীবরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবখালী হামিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, হবখালী আদর্শ কলেজ, নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়, চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। বর্ষা মৌসুমে অতিরিক্ত কাদাপানি জমে থাকায় এ রাস্তা দিয়ে চলাচল করতে ভীষণ সমস্যা হয়। এ সময় জামাকাপড় কাদায় নষ্ট হয়ে যায়।
চণ্ডীবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, তাঁর ইউনিয়নের আট গ্রামের মানুষ বিভিন্ন কাজে এ রাস্তা দিয়ে ইউনিয়ন পরিষদসহ জেলা শহরে যাতায়াত করে। তিনি চলতি মাসে রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন জানিয়েছেন।
সদর উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান জানান, কুরুলিয়া পালবাড়ি থেকে নলদী খেয়াঘাট পর্যন্ত ২ দশমিক ২১ কিলোমিটার রাস্তা পাকা করার প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে।