ক্ষোভ দুঃখ ভারাক্রান্ত মলিন মুখ নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা গতকাল শনিবার আলতাফ আলী উচ্চবিদ্যালয়ের ৯৭ বছর পূর্তি ও পুনর্মিলনীতে একত্র হয়েছিলেন।
তবে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে একত্র হতে না পেরে পৌর এলাকার বাইরে বিদ্যালয় থেকে তিন কিলোমিটার দূরে ভেলুরচক গ্রামের একটি চাতালে পুনর্মিলনীর অনুষ্ঠান করেছেন। কারণ, পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে প্রশাসন গত শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। সকাল থেকেই বিদ্যালয় মাঠে ও তালোড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯৭ বছর পূর্তি পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহ্বায়ক এ টি এম আমিনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী ও ওই বিদ্যালয়ের শিক্ষক অসিম কুমার মণ্ডল। স্মৃতিচারণা করেন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল লতিফ, বিশেষজ্ঞ চিকিৎসক আবদুল মতিন, পর্যটন মোটেল বগুড়ার ব্যবস্থাপক সৈয়দ তারিকুল ইসলাম, টিটিসির ইন্সট্রাক্টর তছলিম উদ্দিন, বগুড়ার আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান, তালোড়া পৌর মেয়র আবদুল জলিল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের পুনর্মিলনীর আহ্বায়ক কমিটি গতকাল ৯৭ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। উৎসব উপলক্ষে বিদ্যালয় মাঠে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়। অপর দিকে তালোড়া নাগরিক কমিটির ব্যানারে প্রাক্তন শিক্ষার্থীদের আরেকটি অংশ ৯৭ বছর পূর্তির বিরোধিতা করে আগামী ১০০ বছর পূর্তি উদ্যাপন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করার জন্য একই মাঠে মঞ্চ তৈরি করে। শুক্রবার বিকেল থেকেই দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল হলে উত্তেজনা দেখা দেয়। প্রশাসন সংঘর্ষ এড়াতে ওই দিন সন্ধ্যায় গোটা পৌর এলাকায় সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করে।