
সড়কে পিচ নেই বললেই চলে। বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ। কোথাও কোথাও বড় বড় গর্ত। এসব গর্তে সামান্য বৃষ্টিতেই পানি জমে। রোদের সময় ধুলা ওড়ে। গর্তে প্রায় প্রতিদিন গাড়ি আটকে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। এমনকি পৌরবাসীর চলাচলেও দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে এমন অবস্থা নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কটির।
পৌরসভার কেন্দুয়া-মদন বাসস্টেশন থেকে মোহনগঞ্জ-কলমাকান্দা বাসস্টেশনপর্যন্ত প্রায় তিন কিলোমিটারের অবস্থা খুবই নাজুক। ১৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। গত শনিবার সরেজমিনে দেখা যায়, সড়কের কুড়পাড় এলাকা, মোক্তারপাড়ায় সরকারি গ্রন্থাগারের সামনে, মাতৃসদন, দত্ত উচ্চবিদ্যালয়, শহীদ মিনার, ছোট বাজার বিএনপি কার্যালয়, আওয়ামী লীগের কার্যালয়, যমুনা ব্যাংক ও ইসলামী ব্যাংকের সামনে, তেরিবাজার মোড়, ব্র্যাক ব্যাংকের সামনে, আখড়ার মোড়, গয়ানাথের মিষ্টির দোকান, গরুর হাট্টায়খাদ্যগুদামেরসামনে, ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলের কাছে, বারহাট্টা সড়ক এলাকায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। সরকারি গ্রন্থাগারের সামনে থেকে রাজুরবাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় দৈর্ঘ্যে ৮ থেকে ২০ ফুট ও প্রায় ৩ ফুট গভীর অসংখ্য গর্ত রয়েছে। ঠেলাগাড়ি, মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন মাঝেমধ্যেই এসব গর্তে আটকা পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মে হাওরাঞ্চলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এ সড়কের গর্ত ভরাটের কাজ করা হয়েছিল। এখন সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে একাকার হয়ে যাচ্ছে পুরো সড়ক। হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। আর টানা দু-তিন দিনের রোদে ধুলাবালু উড়তে থাকে। রাস্তা বেহাল হওয়ায় সড়কে প্রায় সব সময় যানজট লেগে থাকে। কোনো যানবাহনেই দ্রুত যেতে পারে না। এ সড়ক দিয়ে জেলার সব দূর পাল্লার বাস ও পণ্যবাহী যান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে।
গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বারহাট্টা সড়ক এলাকায় একটি ট্রাক গর্তে আটকে পড়ে। চালক ইসলাম উদ্দিন বলেন, এ গর্তগুলো এক বছর পর গত মাসে ভরাট করে। কিন্তু চার দিন পর বৃষ্টি হতেই আবার আগের মতো হয়ে গেছে।
নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মেঘলা হাসান ও জান্নাতুল ফেরদৌস জানায়, সড়কের গর্তে গাড়ি আটকে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। এতে প্রায়ই স্কুলে যেতে দেরি হয়। আর গর্তের কাদা পানি ছিটকে প্রায়ই তাদের পোশাক নষ্ট হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, পৌর শহরের মোক্তারপাড়া ব্রিজ থেকে রাজুর বাজার পর্যন্ত দুই কিলোমিটার সড়কটি নতুন করে সংস্কারের জন্য পৌরসভা দায়িত্ব নিয়েছে। আর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শ্যামগঞ্জ বাজার থেকে ২১ কিলোমিটার সড়ক উভয় দিকে ৬ ফুট করে প্রশস্তকরণসহ ১০৭ কোটি টাকা একনেকে অনুমোদন হয়েছে। আগামী অর্থবছরে কাজ করা সম্ভব হবে।
পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান বলেন, সড়কটি সংস্কার করতে পৌরসভা উদ্যোগ নিয়েছে।