তিন কিলোমিটারজুড়ে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার মধ্য দিয়ে যাওয়া বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের তিন কিলোমিটারে পিচঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। এ ছাড়া এখানে রয়েছে অনেক বিপজ্জনক বাঁক। এসব কারণে এই অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ৪৩ কিলোমিটার দীর্ঘ ওই সড়ক ২০১২ সালে পাকা করা হয়। ওই বছরই পিচঢালাই উঠে যাওয়ায় এর বিভিন্ন অংশ সংস্কার করা হয়। তবে এ সময় সড়কের নাগদা থেকে নারায়ণপুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার এলাকা সংস্কার করা হয়নি। এ ছাড়া সড়কটিতে বাঁক ছিল ২৪৪টি। এর মধ্যে ১১০টি বাঁক সোজা করা হলেও নাগদা থেকে নারায়ণপুর বাজার পর্যন্ত ১৫টি বাঁক রয়ে গেছে।
এই সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আকতার হোসেন। তিনি বলেন, এটি একটি আঞ্চলিক ‘মহাসড়ক’। এটি চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলা সদর থেকে ঢাকায় যাওয়া-আসার সহজ পথ। প্রতিদিন এই পথে হাজারো যাত্রী চলাচল করেন।
আকতার হোসেন আরও বলেন, ‘নাগদা থেকে নারায়ণপুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার এলাকা ভাঙাচোরা। প্রায় পাঁচ বছর ধরে এই অংশ সংস্কার হচ্ছে না। ঘন ঘন বাঁক ও গর্তের কারণে ঝুঁকি নিয়েই গাড়ি চলছে। গাড়ি ওই অংশে গেলেই আতঙ্কে থাকি। এতে দুর্ভোগের পাশাপাশি সময়ও নষ্ট হয়। মতলব থেকে আশ্বিনপুর যাওয়া-আসায় আধা ঘণ্টার জায়গায় এক ঘণ্টা লেগে যায়। রাস্তা খারাপ হওয়ার অজুহাতে চালকেরা ভাড়াও রাখেন দেড়-দ্বিগুণ।’
মতলব-ঢাকা বাস চালক সমিতি সূত্রে জানা গেছে, এই সড়কে প্রতিদিন শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করে। ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশাও চলে অসংখ্য। এই সড়কে বছরে ৪০-৪৫টি দুর্ঘটনা ঘটছে। অধিকাংশই ঘটছে নাগদা-নারায়ণপুর অংশে। ২১ মার্চ রাতেও সড়কের ঘিলাতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে আহত হন ৩০ যাত্রী।
এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীবাহী বাসের চালক সফিকুল ইসলাম বলেন, ‘নাগদা-নারায়ণপুর অংশে অনেক গর্ত ও বাঁক। সেখানে গাড়ি টার্ন করলেই কাত অইয়া যায়। তবুও ঝুঁকি নিয়াই গাড়ি চালাই।’
সরেজমিনে সড়কের নাগদা, ঘিলাতলী, ঘিলাতলী সাইনবোর্ড ও নারায়ণপুর এলাকায় দেখা যায়, প্রায় পুরো অংশের পিচঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্তের। এসব গর্তে পানি জমে আছে। গর্ত ও বিপজ্জনক বাঁকে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে।
চাঁদপুর সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মাজহারুল হক বলেন, সড়কের বাঁক দূর করা, ভূমি অধিগ্রহণ, সেতু-কালভার্ট, বাইপাস সড়ক নির্মাণসহ সংস্কারকাজে এ পর্যন্ত ১৩৪ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার টাকার বরাদ্দ পাওয়া গেছে। নানা কারণে ওই অংশটুকু সংস্কার করা হয়নি। শিগগিরই এই অংশ সংস্কার করা হবে।