তিন কিলোমিটারের ভাড়া ৬০ থেকে ১৫০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর গোপালপুর-চরমঈনুট নৌপথে উচ্চ হারে ভাড়া আদায় করা হচ্ছে। তিন কিলোমিটার দূরত্বের এই পথ ট্রলারে পার হতে জনপ্রতি ৬০ টাকা ও স্পিডবোটে ১৫০ টাকা নেওয়া হচ্ছে। ভাড়া কমানোর জন্য প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না।এই নৌপথ দিয়ে যাত্রীরা চরভদ্রাসন থেকে দেড় ঘণ্টায় রাজধানী ঢাকায় পৌঁছাতে পারছে। দীর্ঘদিন ধরে আশপাশের চারটি উপজেলার হাজার হাজার যাত্রী প্রতিদিন এই পথে ঢাকায় যাচ্ছে। ঈদের সময় এ পথে যাত্রীদের চাপ বেড়ে যায়। এই সুযোগে ঘাটমালিকেরা যাত্রীদের কাছ থেকে অস্বাভাবিক হারে ভাড়া আদায় করছেন।গত শুক্রবার চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ঘাট দুটি ঘুরে জেলা প্রশাসক কর্তৃক ধার্যকৃত ভাড়া আদায়ের নির্দেশ দেন।ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে ওই পথে ট্রলারে জনপ্রতি ৩০ টাকা ও স্পিডবোটে ১০০ টাকা ভাড়া নির্ধারণ করে মাইকিং করা হয়।কিন্তু এ নির্দেশ উপেক্ষা করে ওই দিন বিকেল চারটা থেকে ওই ঘাট দিয়ে পারাপারকারী যাত্রীদের কাছ থেকে ট্রলারে জনপ্রতি ৬০ টাকা ও স্পিডবোটে ১৫০ টাকা হারে ভাড়া আদায় করা হচ্ছে। গোপালপুর ঘাটের ইজারাদার উজ্জ্বল হোসেন মৃধা জানান, ‘আমরা ঈদের আগের দিন থেকে সরকার-নির্ধারিত হারে ভাড়া আদায় করে আসছিলাম। কিন্তু পাশের দোহার উপজেলার মান্দারতলা ঘাট কর্তৃপক্ষ ট্রলার ও স্পিডবোটে জনপ্রতি যথাক্রমে ৬০ ও ১৫০ টাকা ভাড়া আদায় করায় আমাদেরও বাধ্য হয়ে ওই হারে ভাড়া আদায় করতে হচ্ছে।’চর মঈনুট ঘাটের ইজারাদারের সহযোগী বাহের খান বলেন, ‘ট্রলারে ৬০ টাকা এবং স্পিডবোটে ১৫০ নয়, ১৩০ টাকা করে নেওয়া হচ্ছে। স্পিডবোটে ১০০ টাকা নিলে পোষায় না।’চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ বলেন, ‘এ সমস্যা সমাধানের জন্য আমি আজ (গতকাল শনিবার) বিকেলে দোহারের ইউএনওকে চরভদ্রাসনে আসার আমন্ত্রণ জানিয়েছি। আশা করি তিনি এলে আলাপ-আলোচনার মাধ্যমে এর একটা সমাধান আমরা খুঁজে বের করতে পারব।’দোহারের ইউএনও রথীন্দ্রনাথ দত্ত বলেন, ‘আজকের সভায় যোগ দেওয়ার ব্যাপারে আমার সদিচ্ছা আছে। যাত্রীদের জিম্মি করে ঈদ বা কোনো উৎসবের সময় গণপরিবহনের ভাড়া বাড়িয়ে অধিক মুনাফা আদায় করা আমাদের দেশের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের হয়রানি থেকে মুক্ত করতে এ প্রবণতা বন্ধ করতে হবে।’