তিন কিশোরকে চার দিনেও ছাড়েনি বিএসএফ
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে ধরে নেওয়া তিন বাংলাদেশি কিশোরকে চার দিনেও ছাড়েনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শুক্রবার সকালে ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্ত এলাকা থেকে বিএসএফের সদস্যরা তিন কিশোরকে ধরে নিয়ে যান।
বিজিবি জানায়, গত শুক্রবার সকালে পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তের বাউর পাথর গ্রামের অদু মিয়ার ছেলে জাহিদ হোসেন (১৩), কালা মিয়ার ছেলে ছৈয়দ আলী (১৪) ও নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (১৬) চাষাবাদের কাজে সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাদের সেখান থেকে জোরপূর্বক ধরে নিয়ে যান।
ওই দিনই বিলোনিয়া মজুমদার হাট ক্যাম্পের বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তিন কিশোরকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। বিএসএফ তখন বিজিবিকে জানায়, ওই কিশোরদের ভারতীয় পুলিশের হাতে ন্যস্ত করা হয়েছে। সে কারণে আদালতের মাধ্যম ছাড়া তাদের ছাড়া সম্ভব নয়। ফেনীর জায়লস্কর ৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খালেদ মাহমুদ জানান, যেহেতু রোববার ভারতীয় জাতীয় ছুটি সে কারণেই তাদের প্রত্যাশা ছিল গতকাল সোমবার ওই কিশোরদের আদালতের মাধ্যমে কিশোর হিসেবে বিবেচনায় নিয়ে ছাড়া হবে। তার পরও বিজিবি আশাবাদী ওই কিশোরদের দু-এক দিনের মধ্যে ছাড়া হতে পারে। আদালত কিশোর হিসেবে বিবেচনা করে মুক্তি দিলে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করবে।