তিন কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের পর সে দেশের কারাগারে তিন বছর সাজা ভোগের পর বাংলাদেশের তিন কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ৭৬ নম্বর প্রধান খুঁটির পাশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরদের হস্তান্তর করা হয়। ফেরত আসা কিশোরেরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে পিন্টু মিয়া (১৭), ফরিদপুরের সালথা উপজেলার হোগলাকান্দি গ্রামের ফিরোজ মোল্লার ছেলে মনিরুল মোল্লা (১৬) ও একই উপজেলার নটখোলা গ্রামের বিশু মিয়ার ছেলে রুবেল হোসেন (১৫)।
বিজিবি-৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গা সদর দপ্তর সূত্রে জানা গেছে, ওই তিন কিশোর ২০১১ সালের ১৫ মে পাচারকারী চক্রের কবলে পড়ে ভারতে পাচার হয়ে যায়। উচ্চ বেতনে ভারতে কাজ দেওয়ার কথা বলে তাদের পাচার করা হয়। ভারতে পৌঁছে সে দেশের পুলিশের হাতে আটক হয়। আটকের পর দীর্ঘ ৩২ মাস পশ্চিমবঙ্গের নদীয়া জেলা কারাগারে সাজাভোগ করে তারা। সাজার মেয়াদ শেষ হলে তাদের দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগের পর দেশে ফেরত আনা হয়।