তিন কিশোরসহ চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় বাসের ধাক্কায় মারা যান মোটরসাইকেল আরোহী আরও এক যুবক।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের লোহার দিঘির পাড় এলাকায় গতকাল বিকেল চারটার দিকে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেলে থাকা কিশোর মো. তানজীব ও মো. শাকিল। গুরুতর আহত হয় শোয়েব ও আকতার হোসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শোয়েব। আহত আকতারের অবস্থা আশঙ্কাজনক। চারজনই এক মোটরসাইকেলে ছিল। তাদের সবার বাড়ি লোহাগাড়ার আমিরাবাদ এলাকায়।
নিহত শোয়েবের ভগ্নিপতি মো. আলম প্রথম আলোকে বলেন, বিয়ের অনুষ্ঠান থেকে একই মোটরসাইকেলে করে ফিরছিল ওই চার বন্ধু। পথে দুর্ঘটনায় তিনজন মারা যায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী বলেন, দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করা হবে।
এদিকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট গেট এলাকায় বাসের ধাক্কায় মো. আলমগীর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি লোহাগাড়ার আধুনগর মসদিয়া এলাকায়। দোহাজারী হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।