তিন কিশোরের ঝগড়া, অতঃপর সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরগাঁও গ্রামে গতকাল মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছে। দুই কিশোরের ঝগড়ার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জমির আলী (৭০)। এ ছাড়া হামলায় তাঁর ছেলে আহাদ আলী (৩০) ও চান্দ আলী (৩৫), তাঁর স্ত্রী রুফিয়া বেগম (৩০) এবং প্রতিবেশী সোহেল রানা (৩০) আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী ও পুলিশের ভাষ্যমতে, জমির আলীর দুই নাতি মহিম ও জাভেদ নাজিরগাঁওয়ের আলিনগর রেজি. প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। সোমবার বিকেলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাদের সঙ্গে সহপাঠী ও একই গ্রামের বেলাল মিয়ার ছোট ভাই মান্নানের ঝগড়া হয়। বাড়ি ফিরে তারা বিষয়টি নিজ নিজ অভিভাবকদের জানালে এ নিয়ে দুই পরিবারের লোকজনই ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জরে ধরে গতকাল সকালে মান্নানের আত্মীয়স্বজন ও তাদের প্রতিবেশীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমির আলীর বাড়িতে হামলার উদ্দেশ্যে রওনা হয়। খবর পেয়ে জমির আলী তাদের বোঝানোর উদ্দেশ্যে বাড়ির সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় তাঁকে একা পেয়ে প্রতিপক্ষরা বেদম পেটাতে থাকে। খবর পেয়ে জমির আলীর দুই ছেলে, ছেলের বউ ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গেলে তাঁদেরও মারধর করা হয়। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়। পথে জমির আলী মারা যান। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানতে চাইলে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, জমির আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে হামলাকারীরা গা ঢাকা দিয়েছে।