তিন কিশোরের মৃত্যু এখনো রহস্যে ঘেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের হেমায়েত-পুরে একসঙ্গে তিন কিশোরের মৃত্যুরহস্যের জট খোলেনি। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্ত শেষে লাশগুলোর ভিসেরা নমুনা রাজধানীর মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় সাভার মডেল থানায় কোনো মামলা হয়নি।
গত শনিবার সকালে হেমায়েতপুরের প্রান্ত ডেইরি ফার্মের ভেতরে একটি বাসার কক্ষ থেকে পুলিশ তিন কিশোরের লাশ উদ্ধার করে। তারা হলো ফার্মের কর্মচারী জিয়ারুল রহমানের ছেলে জীবন (১৮) ও নাসির উদ্দিন (১৬) এবং তাদের ফুফাতো ভাই শাহাদত হোসেন (১৬।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপারের (এএসপি) দায়িত্বে থাকা রাসেল শেখ বলেন, শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ তিনটির ময়নাতদন্ত হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে ঢাকার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমানের অনুরোধে হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যান।
এএসপি রাসেল শেখ বলেন, প্রাথমিক তদন্তে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তারা কোনো পানীয়ের বিষক্রিয়ায় মারা গেছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।