তিন কেজি আফিম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে সেনাবাহিনী অভিযান চালিয়ে গতকাল সোমবার প্রায় তিন কেজি আফিমসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা তামাকখেতের সঙ্গে নিজেদের ব্যবহারের জন্য চাষ করা পপি থেকে এ আফিম উৎপাদন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পেরেছেন রোয়াংছড়ির উপজেলার তারাছা ইউনিয়নের বৈদ্যপাড়ায় বিক্রির জন্য আফিম মজুত রয়েছে। ক্রেতা সেজে তাঁদের কয়েকজন আফিম বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন। গতকাল সোমবার উথোয়াই মারমা (৪২) ও মংক্যসাই মারমা (৪৫) নামে দুজন আফিমসহ জেলা শহরের ক্যচিংঘাটা বাজারে আসেন। সূত্র জানায়, দুজনের হাতে আফিম রয়েছে নিশ্চিত হয়ে সেনাবাহিনী ক্যচিংঘাটা বাজার এলাকায় অভিযান চালালে উথোয়াই ও মংক্যসাই মারমার কাছে দুই কেজি ৭৫০ গ্রাম আফিম পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া ওই দুজনকে সেনাবাহিনী পুলিশের কাছে সোপর্দ করেছে। বান্দরবান সদর থানার তদন্ত পরিদর্শক আমির হোসেন গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, তাঁরা তামাকখেতে পপি চাষ করার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা আফিমের বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি বলে তিনি জানান।