তিন কেন্দ্রে পুনর্নির্বাচন ও আট পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে একজন প্রার্থীকে সহায়তা দেওয়ার অভিযোগ এনে সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দীন আহমেদকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন মেয়র পদপ্রার্থী বদিউল আলম। একই সঙ্গে তিনি তিনটি কেন্দ্রের পুননির্বাচনের দাবি জানান। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ১৮ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হারুনর রশীদ জয়ী হন। পটিয়া পৌরসভা নির্বাচনে বদিউল আলম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ছিলেন। নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনের পর ভোট গণনাকালে তাঁর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গত সোমবার তিনি মুক্তি পান।বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বদিউল বলেন, সহকারী পুলিশ সুপার, ওসি এবং ছয়জন উপপরিদর্শককে (এসআই) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আগামী শুক্রবার বিকেলে পৌরসভার মাঠে হাজার হাজার মানুষ জড়ো করে এর জবাব দেওয়া হবে। একই সময়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী সামশুল আলম মাস্টার।দুজনই অভিযোগ করেন, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে নির্বাচন কমিশনের কথায়। কিন্তু ওই দিন তারা চলেছে হারুনর রশীদের কথায়। স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরীর প্রত্যক্ষ মদদে উপজেলা ও পৌর আওয়ামী লীগের কিছু নেতা প্রশাসনকে প্রভাবিত করে ভোট কারচুপি করে হারুনুর রশীদকে জয়ী ঘোষণা করেছেন। বদিউল আলম পশ্চিম পটিয়া, সুচক্রদণ্ডী, দক্ষিণ গৌবিন্দারখিলসহ তিন কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানান। দুই প্রার্থী অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে তাঁদের এজেন্টদের বের করে দরজা বন্ধ করে ইচ্ছেমতো ব্যালটে সিল দিয়ে লোক দেখানো ভোট গণনা করা হয়েছে। দক্ষিণ গৌবিন্দারখিল কেন্দ্রের ঘটনায় নিরীহ গ্রামবাসীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বদিউল দাবি করেন, ‘আমি নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদ করলে আমাকে পুলিশ আটক করে থানায় নিয়ে পিছমোড়া করে হাতকড়া পরিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এ ঘটনায় স্থানীয় সাংসদ জড়িত ছিলেন।’