তিন কোটি টাকার মাদকদ্রব্য ও নিষিদ্ধ ওষুধ ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় তিন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও গরু মোটাতাজাকরণের নিষিদ্ধ বড়ি ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবির আয়োজনে এসব ধ্বংস করা হয়। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে এ বছরের ৩১ জুলাই পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও নিষিদ্ধ ওষুধ জব্দ করেছিল বিজিবি।

এর মধ্যে রয়েছে বিদেশি মদ ৯ হাজার ৮৭১ বোতল, ফেনসিডিল ১০ হাজার ৯৪৯ বোতল, গাঁজা প্রায় ১২২ কেজি, ১২টি ইনজেকশন, ৭৭০ প্যাকেট সিগারেট, পাতার বিড়ি ৭ হাজার ৫০৫ প্যাকেট ও ৮৪টি ইয়াবা বড়ি এবং গরু মোটাতাজাকরণের ৪ লাখ ৬৫ হাজার ৭২৫টি বড়ি।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মো. মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মো. জহির রায়হান, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম ও পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে।