তিন কোটি টাকা নিয়ে পরিচালক উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনিতে একটি সমবায় সমিতির পরিচালকের বিরুদ্ধে অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে। আমানতের দ্বিগুণ লাভ দেওয়াসহ নানা প্রলোভন দেখিয়ে তিনি গ্রাহকদের প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন।

কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, কালকিনি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে মো. নেছার উদ্দিন ওরফে মাসুম ২০১০ সালের ৩০ ডিসেম্বর উপজেলা সমবায় কার্যালয় থেকে মিহির ইসলামি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে একটি সমবায় সমিতির নিবন্ধন নেন। পৌর এলাকার ভূরঘাটার মজিদ বাড়ি এলাকার কাজী দবির প্লাজায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তিনি এর কার্যক্রম শুরু করেন।

প্রথমেই তিনি সমবায় আইনের ২৩-এর ক -এর (১) ধারা লঙ্ঘন করে উপজেলার সাহেবরামপুর ও সমিতির হাটে শাখা কার্যালয় খোলেন। সমবায় নীতিমালার ২৩-এর খ ধারা লঙ্ঘন করে মাসুম শুরু থেকেই অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করেন। তিনি প্রধান ও শাখা কার্যালয়ের মাধ্যমে তিন বছরে দ্বিগুণ লাভ এবং এক লাখ টাকায় মাসে দুই হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই সহস্রাধিক গ্রাহকের কাছ থেকে তিন কোটি টাকা সংগ্রহ করেন। স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন ও বিভিন্ন স্থানে সাইনবোর্ড টাঙিয়ে প্রচার চালালেও সমবায় কার্যালয়ের কর্মকর্তারা বিষয়টি আমলে নেননি। গত ১৭ জুলাই কাউকে কিছু না জানিয়ে তিনি প্রায় তিন কোটি টাকা নিয়ে উধাও হয়ে যান।

এ ঘটনায় গিয়াস উদ্দিন সরদার নামে এক গ্রাহক ২৪ জুলাই কালকিনি থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাসুমসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই দিনই কালকিনি থানার পুলিশ মাসুমের বাবা ফজলুল হক হাওলাদার (৬৫) ও বোন সালমাকে (৩০) গ্রেপ্তার করে।

গিয়াস উদ্দিন বলেন, ‘মাসুম আমার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন। এখন হঠাৎ করে তিনি উধাও হয়ে যাওয়ায় আমি বিপদে পড়ে গেছি।’

এ বিষয়ে মাসুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে ফজলুল হক হাওলাদার ২৪ জুলাই থানা হেফাজতে থাকা অবস্থায় বলেন, ‘মাসুম কোথায় আছে জানি না। গ্রাহকদের কাছ থেকে সে যে টাকা নিয়েছে আমি তা আস্তে আস্তে শোধ করে দেব।’

সমিতির ব্যবস্থাপক মুজিবুর রহমান জানান, মাসুম গ্রাহকদের প্রায় তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। এখন গ্রাহকেরা এসে তাঁদের কাছে টাকা চাইছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মিহিরের একাধিক কর্মকর্তা জানান, সমবায় সমিতির নামে নিবন্ধন নিয়ে মাসুম অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছিলেন। তবে বিষয়টি জানার পরও সমবায় কার্যালয় মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

উপজেলা সমবায় কর্মকর্তা এস এম সরোয়ার আলম দাবি করেন, অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়টি তাঁরা জানতেন না। গ্রাহকদের অভিযোগ পাওয়ার পরপরই পরিচালক উধাও হয়ে যান। এ কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তবে বিষয়টি তাঁরা জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছেন।

কালকিনি থানার উপপরিদর্শক আমীর হোসেন জানান, গিয়াস উদ্দিনের অভিযোগের পরিপ্রেক্ষিকে পুলিশ মাসুমের বাবা ও বোনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।