তিন কোটি টাকা নিয়ে প্রতিষ্ঠান উধাও?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে একটি সমবায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা সদস্যদের সঞ্চয়ের প্রায় তিন কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌর শহরের ঘোড়াকান্দা মহল্লায় ধানসিঁড়ি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটির কার্যালয় তালাবদ্ধ। কর্মকর্তাদের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সঞ্চয়ের টাকা ফেরত পেতে কয়েক শ সদস্য গতকাল বুধবার সকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।
প্রতিষ্ঠানটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানসিঁড়ি মাল্টিপারপাস কো-অপরাটিভ সোসাইটি লিমিটেড ভৈরব উপজেলা সমবায় দপ্তর থেকে ২০০৯ সালের ১১ অক্টোবর নিবন্ধন নেয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের মজিবুর রহমান। সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাঁর ছেলে আতিকুর রহমানকে। উপজেলা সমবায় দপ্তরের হিসাব অনুযায়ী, সমিতির বর্তমান সদস্যসংখ্যা এক হাজার ১৪৬ জন। কিন্তু তথ্য গোপন করে তাঁরা বর্তমানে অন্তত আড়াই হাজার সদস্যের সঙ্গে আর্থিক লেনদেন করছেন। সঞ্চয়ের টাকার একটি অংশ সদস্যদের মাঝে ঋণ হিসেবে দেওয়া হয়েছে। নিজেরাও শেয়ারবাজারসহ নানা খাতে ওই টাকা বিনিয়োগ করেছেন।
এ অবস্থায় সদস্যদের ধারণা, বর্তমানে আড়াই হাজার সদস্যের প্রায় তিন কোটি টাকা জমা আছে। আবার ঋণ হিসেবে সদস্যদের দেওয়া হয়েছে ৫০ লাখ টাকার মতো। ঘোড়াকান্দার চামড়া ব্যবসায়ী স্বাধীন মিয়া বলেন, ডিপিএস হিসেবে তাঁর জমা আছে দুই লাখ টাকা। শহরের আমলাপাড়ার বিজয় মিয়া জানান, তিনি প্রতি মাসে এক হাজার টাকা করে জমা দিতেন। বর্তমানে জমার পরিমাণ ২৮ হাজার টাকা।
মনা মিয়া জানান, সঞ্চয় হিসাবে তাঁর জমা আছে ৫৬ হাজার টাকা। ফাতেমা বেগম বলেন, ‘প্রয়োজনে ঋণ পাওয়া যাবে এ আশায় কষ্ট করেও টাকা জামা দিয়ে গেছি।’ রহিমা বেগম বলেন, ‘টাকা ফিরে না পাইলে ঠাইট মইরা যামু।’
গতকাল দুপুর ১২টার দিকে ঘোড়াকান্দায় গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির কার্যালয়টি তালাবদ্ধ। এটি ঘিরে আছেন শতাধিক সদস্য। পাশের দোকানি জহির মিয়া বলেন, রোববার থেকে সমিতিটির কার্যালয় আর খুলছে না। ভৈরব উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল আলম ভূঁইয়া বলেন, ২০১২-১৩ অর্থবছরে সমিতিটি তাদের কাছে এক কোটি চার লাখ ৮০ হাজার ৭৬৬ টাকা লেনদেনের হিসাব দিয়েছে। এর বাইরে লেনদেন করেছে কি না জানা নেই।
একাধিকবার চেষ্টা করেও সমিতির ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান ও সম্পাদক আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁদের ব্যবহূত মুঠোফোনগুলো বন্ধ। সমিতির সাইনবোর্ডে দেওয়া মুঠোফোন নম্বরটিও খোলা পাওয়া যাচ্ছে না।
তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মাঠকর্মী জানিয়েছেন, হিসাব নিয়ে কর্মকর্তা পর্যায়ে কিছুদিন ধরে ঝামেলা চলছিল। যেকোনো সময় তাঁরা উধাও হয়ে যেতে পারেন—এমন আশঙ্কা থেকে অনেক মাঠকর্মী চাকরি ছেড়ে দিয়েছেন।