তিন কোটি টাকা নিয়ে উধাও সমবায় প্রতিষ্ঠানের প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি লাখে মাসে আড়াই হাজার টাকা মুনাফা দেওয়া হবে—এমন প্রলোভন দেখানো হয় লোকজনকে। লোকজন ব্যাংকে জমা রাখা টাকা তুলে, স্বর্ণালংকার ও জায়গা-জমি বিক্রি করে তিন কোটি টাকার বেশি জমা রাখেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটিতে। গ্রাহকদের ওই টাকা নিয়ে এক সপ্তাহ আগে উধাও হয়ে গেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।প্রতিষ্ঠানটির আমানতকারীদের মধ্যে পুলিশের দুজন উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান ও মো. কামাল হোসেনও আছেন। পুলিশের এই দুজন কর্মকর্তা একসময় রায়পুর থানায় কর্মরত ছিলেন। চেয়ারম্যানের উধাও হয়ে যাওয়ার খবর জানাজানি হয়ে যাওয়ার পর উদ্বিগ্ন গ্রাহকেরা প্রতিদিন কার্যালয়ে এসে টাকার জন্য ধরনা দিচ্ছেন। এতে প্রতিষ্ঠানটির ১৩ জন কর্মকর্তা-কর্মচারী বিপাকে পড়েছেন।স্থানীয় লোকজন জানান, সান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি প্রায় দুই বছর আগে রায়পুরের গাজী কমপ্লেক্সের তৃতীয় তলায় একটি শাখা খোলে। তারা বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে স্থায়ী আমানত সংগ্রহ শুরু করে। এক বছর পর উপজেলার হায়দরগঞ্জ বাজারে আরও একটি শাখা খোলা হয়।এক কর্মচারী জানান, গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুর রহমান নিয়ে যেতেন। মাসের ৪-৫ তারিখে গ্রাহকদের মাসিক মুনাফার আড়াই হাজার টাকা করে দেওয়া হতো। এক সপ্তাহ আগে চেয়ারম্যান আবদুর রহমান মুঠোফোন বন্ধ করে আত্মগোপন করেন।নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানান, রায়পুর শাখা ৩০০ জন গ্রাহকের কাছ থেকে দুই কোটি ৭০ লাখ টাকা আমানত সংগ্রহ করে। একই শাখা প্রায় ৫০০ ব্যবসায়ী গ্রাহকের কাছ থেকে পাঁচ লাখ টাকা ক্ষুদ্র সঞ্চয় নেয়। এ ছাড়া হায়দরগঞ্জ শাখায়ও ২৫ লাখ টাকার স্থায়ী আমানত এবং চার লাখ টাকা ক্ষুদ্র সঞ্চয় নেওয়া হয়।পুলিশের কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘আমার স্ত্রীর কিছু টাকা সানে আমানত রেখেছি। চেয়ারম্যান টাকা নিয়ে আত্মগোপন করায় বিপাকে পড়েছি।’ শাহজাহান বর্তমানে লক্ষ্মীপুর আদালতে কর্মরত।বর্তমানে রামগঞ্জ থানায় কর্মরত পুলিশের কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘পাঁচ-ছয় লাখ টাকা সানে বিনিয়োগ করেছি। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে কার্যালয় খোলা রাখতে বলেছি। গ্রাহকদের পক্ষে তাঁকে মামলা করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।’আমানতকারী জাকির হোসেন বলেন, তিনি পাঁচ লাখ টাকা আমানত রেখেছেন। মাস শেষে লভ্যাংশের টাকার জন্য এসে শুনতে পান চেয়ারম্যান টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। তিনি আরও বলেন, জমি বিক্রি করে দেওয়া এই আমানতের লভ্যাংশ দিয়ে সংসার চালাতেন। এখন পরিবার-পরিজন নিয়ে তিনি চরম দুর্ভোগে পড়েছেন।সান মাল্টিপারপাসের রায়পুর শাখার ব্যবস্থাপক আনজির হোসেন ভূঁইয়া বলেন, ‘আমানতের সব টাকা চেয়ারম্যানের একাউন্টে জমা দেওয়া হয়। সাত-আট দিন ধরে তাঁর সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছি না। এতে গ্রাহককে কোনো লভ্যাংশ দেওয়া যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘গ্রাহকদের ধৈর্য ধরতে বলেছি। বাজারে কিছু ক্ষুদ্রঋণ দেওয়া আছে। প্রয়োজনে ওই টাকা তুলে গ্রাহকদের কিছু টাকা পরিশোধ করা হবে।’রায়পুর উপজেলা সমবায় কর্মকর্তা তপন চক্রবর্তী বলেন, ‘বিষয়টি শুনেছি। প্রতারিত গ্রাহকেরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, আইন অনুযায়ী কোনো মাল্টিপারপাস মাসিক লভ্যাংশের ভিত্তিতে গ্রাহকদের কাছ থেকে টাকা নিতে পারে না।