তিন কোটি টাকার কাজ আ.লীগ নেতাদের মধ্যে ভাগাভাগি!
নাটোরে লটারি না করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রায় তিন কোটি টাকার কাজ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাধারণ ঠিকাদারেরা এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী ও এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। গত মঙ্গলবার সকালে ঠিকাদারেরা নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে কাজ পুনর্বণ্টনের দাবি জানিয়েছেন।সংবাদ সম্মেলনে ঠিকাদারদের পক্ষে জাবুল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ২৪ জানুয়ারি এলজিইডির দুই কোটি ৮০ লাখ টাকার সাতটি কাজের দরপত্র আহ্বান করা হয়। ১৮ ফেব্রুয়ারি দরপত্র দাখিলের শেষ দিন ছিল। ওই দিন বিকেলে দরপত্র খোলারও সময় নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে প্রায় দেড় শ দরপত্র জমা পড়ে। নিয়ম অনুযায়ী, দরপত্র খোলার পরপরই লটারি অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের নেতারা লটারি না করে কাজ ভাগাভাগি করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের ওপর চাপ দেন। বাধ্য হয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন লটারি করতে গড়িমসি করেন। এদিকে কাজ ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যুবলীগের নেতাদের দ্বন্দ্ব শুরু হয়। যুবলীগের নেতারা লটারি অনুষ্ঠানের পক্ষে অবস্থান নেন।অবশেষে ১৪ মার্চ সকাল ১০টায় ঠিকাদারদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। ওই দিন সাধারণ ঠিকাদারেরা এলজিইডি অফিসে জড়ো হন। লটারি অনুষ্ঠানের আগমুহূর্তে সার্কিট হাউস থেকে স্থানীয় সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেনকে ডেকে পাঠান। সেখানে দীর্ঘ সময় ধরে প্রতিমন্ত্রী আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের নিয়ে প্রকৌশলীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে অফিসে ফিরে কিছু নির্ধারিত ঠিকাদারের কাগজপত্রে স্বাক্ষর দিয়ে নির্বাহী প্রকৌশলী কাজ ভাগাভাগি করে দেন। এতে সাধারণ ঠিকাদারেরা হতাশ হয়ে ফিরে যান। ঠিকাদার আবুল কাশেম বলেন, এভাবে রাজনৈতিক বিবেচনায় কাজ ভাগবাটোয়ারা করে নেওয়া হলে তাঁদের পথে বসতে হবে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল তাঁদের অবস্থানের কথা স্বীকার করে বলেন, তাঁরা নাটোরের প্রতিটি কাজ সুষ্ঠু লটারির মাধ্যমে করতে চান। কিন্তু তাঁদের কথা সিনিয়র নেতারা শোনেন না।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নাটোরে কোনো টেন্ডারবাজি হয়নি। এবারও লটারির মাধ্যমে কাজ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।এলজিইডির নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন বলেন, জেলার উন্নয়নের কাজ নিয়ে আলোচনার জন্য ওই দিন (১৪ মার্চ) তিনি সার্কিট হাউসে প্রতিমন্ত্রীর কাছে গিয়েছিলেন। সাত গ্রুপ কাজের টেন্ডার নিয়েও আলাপ হয়েছে। তবে প্রতিমন্ত্রী তাঁকে কাজ ভাগাভাগি করে দেওয়ার কথা বলেননি। সেখান থেকে ফিরে লটারির আনুষ্ঠানিকতা সেরেই কাজ বণ্টন করা হয়েছে। কেউ তখন আপত্তি করেননি।