তিন কোটি টাকার কাজ বন্ধ করে ঠিকাদার লাপাত্তা!
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-চালিয়াতলী সড়কের প্রায় তিন কোটি টাকার সংস্কারকাজ বন্ধ রেখে তিন মাস ধরে ঠিকাদার লাপাত্তা। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মাতারবাড়ী ও ধলঘাটার লক্ষাধিক মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মাতারবাড়ী-চালিয়াতলী সড়কের এক কিলোমিটার সড়ক সংস্কার করতে গত বছরের নভেম্বর মাসে দুই কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চকরিয়া ডেভেলপমেন্ট সোসাইটি। এ সংস্কারকাজ এ বছরের ৩১ জানুয়ারি শুরু করে আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা। ঠিকাদারের লোকজন ফেব্রুয়ারি মাসে কিছু মাটি ও ব্লকের কাজ করে। মার্চ মাসের শেষের দিকে কাজ বন্ধ করে ঠিকাদারের লোকজন উধাও হয়ে যায়। তাই ওই কাজ ঠিক সময়ে শেষ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।গত শনিবার সরেজমিনে দেখা যায়, ওই সড়কের দুই পাশে সামান্য মাটি ও গাইডওয়াল নির্মাণ করা হয়েছে। সড়কের ওপর বেশ কয়েকটি সিসি ব্লক পড়ে থাকলেও কোনো শ্রমিককে দেখা যায়নি। দুই পাশে মাটি দেওয়ায় বৃষ্টি হলে পথচারীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।মাতারবাড়ী পুরান বাজারের ব্যবসায়ী মমতাজ আহমদ বলেন, একজন সুস্থ মানুষ ওই সড়ক দিয়ে একবার যাতায়াত করলে সে অসুস্থ হয়ে পড়ে। বিকল্প কোনো সড়ক না থাকায় জনসাধারণ বাধ্য হয়ে ওই সড়ক দিয়ে যাতায়াত করছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ওই সড়কের সংস্কারকাজ জরুরিভিত্তিতে শেষ করতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।