তিন কোটি টাকার কাজের দরপত্র জমা দিতে বাধা!
খুলনায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রায় সোয়া তিন কোটি টাকার কাজের জন্য ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই কাজের বিপরীতে ১১টি সিডিউল বিক্রি হলেও জমা পড়েছে মাত্র দুটি। এলজিইডি খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলায় ১০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র মেরামতের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়। মোট ১১টি সিডিউল বিক্রিও হয়। কিন্তু গত বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত এলজিইডি কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত মাত্র দুটি দরপত্র জমা পড়ে। এর মধ্যে ফয়সাল ট্রেডার্স দর দিয়েছে তিন কোটি ২৩ লাখ টাকা এবং জ্যোতি এন্টারপ্রাইজ দর দিয়েছে তিন কোটি ৩১ লাখ টাকা।ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফুল ট্রেডার্স অ্যান্ড আর আর ট্রেডার্স জয়েন্ট ভেঞ্চারের অংশীদার আসাদুল করিম ও হিমেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম অভিযোগ করেন, গত বৃহস্পতিবার তাঁরা এলজিইডি কার্যালয়ে দরপত্র জমা দিতে যান। কিন্তু ফয়সাল ট্রেডার্সের মালিক খান হাফিজুর রহমান তাঁর লোকজন দিয়ে তাঁদের দরপত্র জমা দিতে বাধা দেন। বাধার কারণে তাঁরাসহ মেসার্স মমতা করপোরেশন ও বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিডিউল জমা দিতে পারেনি। এ ব্যাপারে গতকাল রোববার নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।আসাদুল করিম ও শরিফুল ইসলাম আরও অভিযোগ করেন, ফয়সাল ট্রেডার্স দুবাই-বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরিতে দুই কোটি ১০ লাখ টাকায় প্রশাসনিক ভবন নির্মাণের যে অভিজ্ঞতার কাগজপত্র দিয়েছে তা ভুয়া। কারণ, ফয়সাল ট্রেডার্স ওই কাজ করেনি, কাজটি করেছে একটি চীনা প্রতিষ্ঠান।মেসার্স মমতা করপোরেশনের স্বত্বাধিকারী এস এম নুরুল ইসলাম বলেন, ‘আমি দরপত্র জমা দিতে গেলে জরুরি কথা বলার অজুহাতে হাফিজুর রহমান তাঁর লোকজন নিয়ে আমাকে আটকে রাখেন।’ ফয়সাল ট্রেডার্সের স্বত্বাধিকারী খান হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো ঠিকাদারকে সিডিউল জমা দিতে বাধা প্রদানের অভিযোগ ঠিক নয়। বরং কয়েকজন ঠিকাদার সমঝোতার চেষ্টা করছিলেন এবং আমি তা ভেঙে দিয়েছি।’ তিনি উল্টো অভিযোগ করেন, অন্য ঠিকাদারের লোকজন তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে অনেকক্ষণ আটকে রেখেছিলেন। হাফিজুর রহমান আরও বলেন, ‘আমার অভিজ্ঞতার কাগজপত্র সঠিক আছে কি না তা জানতে চেয়ে এলজিইডির কার্যালয় থেকে দুবাই-বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরিতে ফ্যাক্স পাঠানো হয়েছে বলে শুনেছি।’এলজিইডির সহকারী প্রকৌশলী শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারদের বাধা দেওয়া হয়েছে কি না, জানি না। তবে ফয়সাল ট্রেডার্সের অভিজ্ঞতার কাগজপত্র ভুয়া বলে কয়েকজন ঠিকাদার মৌখিকভাবে জানিয়েছেন। অভিজ্ঞতার কাগজপত্র সঠিক আছে কি না, তা জানতে চাওয়া হয়েছে।’