তিন কোটি টাকার গাছ ২৮ লাখে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সেতুর সংযোগসড়ক নির্মাণের নামে প্রায় তিন কোটি টাকার ৫৪১টি গাছ ২৮ লাখ টাকায় নিলামে বিক্রি করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এর মধ্যে ৩২৬টি গাছ কেটে ফেলা হয়েছে। বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে গাছ কাটা বন্ধ রেখে সওজ এখন বাকি গাছগুলো পুনরায় মাপজোখ করছে।
বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহ্মুদুল্লাহ্ বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে এসব গাছ কাটা হচ্ছে। যেখানে প্রয়োজন নেই, সেখানেও নির্বিচারে গাছ কেটে ফেলা হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, এতে সরকার প্রায় দুই কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।’
সওজ সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ইস্টার্ন ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় ১৩টি ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের কাজ চলছে। নতুন সেতুর সংযোগসড়ক নির্মাণের জন্য এসব গাছ কাটা হচ্ছে। চলতি বছর জুনে ঢাকায় সওজের নির্বাহী বৃক্ষপালনবিদের কার্যালয় থেকে নিলামে ৫৪১টি গাছ বিক্রি করা হয়েছে ২৮ লাখ ৯৮ হাজার ৭৭৫ টাকায়। প্রতিটি গাছে কাঠের গড় হিসাব দেখানো হয়েছে নয় দশমিক ৫৬ ঘনফুট। প্রতি ঘনফুট কাঠের দর ধরা হয়েছে এক হাজার টাকা। গত দুই মাসে ৩২৬টি গাছ কাটা হয়েছে। আরও ২১৫টি গাছ কাটা হবে।
বন বিভাগ হিসাব করে দেখেছে, প্রতিটি গাছে জ্বালানি অংশ (ডালপালা) বাদে গড়ে কাঠের পরিমাণ আছে ৬৯ দশমিক ৫৫ ঘনফুট। ৫৪১টি গাছে ২৭ হাজার ৪৭২ ঘনফুট কাঠ রয়েছে। সওজের দর অনুযায়ীই যার বর্তমান বাজারমূল্য দুই কোটি ১০ লাখ ৭৪ হাজার ৯৪ টাকা।
বনজদ্রব্য পরিবহন নিয়ন্ত্রণ বিধিমালা ২০১১-এর ৫ নম্বর বিধি অনুযায়ী, মহাসড়কের কোনো বনজদ্রব্য কর্তন ও অপসারণ করতে হলে বন বিভাগের সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাকে অবশ্যই জানাতে হবে। কিন্তু এসব গাছ কাটার আগে বন বিভাগকে জানানো হয়নি।
সুনামগঞ্জ শহরের সার্কিট হাউসের সামনের সড়কে ৭৫টি গাছ কাটার জন্য লাল রং দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। গত মঙ্গলবার এসব গাছ আবার পরিমাপ করতে আসেন সওজের কুমিল্লা অঞ্চলের উপসহকারী বৃক্ষপালনবিদ আবদুল্লাহ আল মামুন। খবর পেয়ে সেখানে বন বিভাগ ও পরিবেশ আন্দোলনের কর্মীরা যান।
পরিবেশ আন্দোলন (পবা) সুনামগঞ্জের সভাপতি শফিকুল আলম ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী রাজু জানান, সওজ প্রতিটি গাছেই মাপ কম দেখিয়েছে।
সৈয়দ মাহ্মুদুল্লাহ্ জানান, যে গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছে, সেখানে বন বিভাগের নিয়মে ওয়ার্কিং প্ল্যান ভলিউম টেবিল অনুযায়ী প্রতিটি গাছের গোড়া ও গর্ত পরিমাপ করে হিসাব করা হয়েছে। এমনও কাটা গাছ পাওয়া গেছে, যেখানে একটি গাছের এক অংশ পরিমাপ করে ১৮৮ দশমিক ৯৯ ঘনফুট কাঠ পাওয়া গেছে। তিনি বলেন, ‘আমরা তো জ্বালানি কাঠ বাদ দিয়ে হিসাব করেছি। সব মিলিয়ে হিসাব করলে ৫৪১টি গাছের দাম তিন কোটি টাকার ওপরে হবে।’
সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন জানান, এ বিষয়ে তাঁদের করার কিছু নেই। এটা করা হয়েছে ঢাকার সওজ বিভাগের নির্বাহী বৃক্ষপালনবিদের কার্যালয় থেকে।
সওজের উপসহকারী বৃক্ষপালনবিদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যেহেতু গাছের মাপ অনেক আগে নেওয়া হয়েছে। তাই কিছুটা কম-বেশি হতে পারে। যে গাছগুলো এখনো কাটা হয়নি, আমরা সেগুলো আবার মাপজোখ করছি। আমরাও চাই, প্রয়োজন ছাড়া যেন কোনো গাছ না কাটা পড়ে।’