তিন কোটি টাকার সম্পত্তি নামমাত্র মূল্যে বিক্রির পাঁয়তারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে প্রায় তিন কোটি টাকা মূল্যের সম্পত্তির নিলাম-প্রক্রিয়া নিয়মবহির্ভূতভাবে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেকেই অভিযোগ করেছেন, নামমাত্র মূল্যে ওই সম্পত্তি বিক্রির জন্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কাজটি করেছেন। এ ছাড়া নিলামের আগে কোনো প্রকার প্রচার চালানো হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশের পর কমপক্ষে এক মাস সময় দেওয়ার নিয়ম থাকলেও মাত্র দুই দিনের মধ্যে নিলাম-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তা ছাড়া তড়িঘড়ি করে নিলামের আয়োজন করায় অনেকেই এতে অংশ নিতে পারেননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারী বাজার মৌজার মেসার্স মরিয়ম রাইস মিলের বিপরীতে মাসুদ নামের এক ব্যক্তি তাঁর ওই সম্পত্তির ওপর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নেন। অপরদিকে সরকারের খাদ্য বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করা হয়। কিন্তু ওই মামলা দায়েরের আগেই অবাঙালি ওই ব্যক্তি সপরিবারে পাকিস্তানে চলে যান। দীর্ঘদিন মামলা চলার পর নীলফামারী অর্থঋণ আদালতের জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আবদুর রশিদ মিয়া ওই মামলার রায় দেন। রায়ে ওই সম্পত্তি নিলামে বিক্রি করে খাদ্য বিভাগের পাওনা সাত লাখ ৫৮ হাজার ৩৭৬ টাকা ৮৭ পয়সা ও রাকাবের ঋণের আসল, সুদ ও খরচের টাকা বাবদ ৪৮ লাখ টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়। রায় অনুযায়ী অর্থঋণ আদালত ১৬ এপ্রিল ওই নিলাম বিজ্ঞপ্তিটি একটি পত্রিকায় প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে মাত্র দুই দিনের মধ্যে অর্থাৎ গতকাল সোমবার ১৮ এপ্রিল দুপুরের মধ্যে দরপত্র জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নিয়ম অনুযায়ী এ ধরনের নিলামের অন্তত এক মাস আগে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। ব্যাংক ড্রাফট করেও সময়ের অভাবে দরপত্রে অংশ নিতে ব্যর্থ হওয়া মিজানুর রহমান নামের এক ব্যক্তি অভিযোগ করেন, এ ধরনের নিলামের বিজ্ঞপ্তি প্রকাশের পর এক মাস অথবা ১৫ দিন দরপত্র জমা দেওয়ার সময় থাকে। তিনি অভিযোগ করেন, একটি সিন্ডিকেট প্রায় তিন কোটি টাকা মূল্যের ওই সম্পত্তি নামমাত্র মূল্যে হাতিয়ে নেওয়ার জন্যই এটি করেছে। দরপত্রে অংশ নিতে ব্যর্থ হওয়া মানিক নামের অপর এক ব্যক্তি জানান, ১৬ তারিখ শনিবার থাকায় ওই দিন ব্যাংক বন্ধ ছিল। তা ছাড়া বিজ্ঞপ্তিতে শুধু সোনালী ব্যাংকে ব্যাংক ড্রাফট করার কথা বলা হয়েছে। ফলে এত অল্প সময়ের মধ্যে ওই দরপত্র জমা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হয়নি। এ ব্যাপারে নীলফামারী জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী এ এ নূরুল আহসান হেলাল জানান, একটি নিলাম অনুষ্ঠানের কমপক্ষে এক মাস আগে দুটি জাতীয় ও একটি আঞ্চলিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার নিয়ম রয়েছে। এ ব্যাপারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নীলফামারী শাখা ব্যবস্থাপক এনামুল হক বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। এ ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারি না।’