তিন খাল উদ্ধারে খরচ হওয়া আড়াই কোটি টাকা জলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরে রাজধানীর তিনটি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে খরচ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। উপযুক্ত খনন ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় কিছু জায়গায় খাল ভরাট হচ্ছে, অবৈধ স্থাপনা গড়ে উঠছে। অন্যদিকে দূষণও থেমে নেই।ঢাকা ওয়াসার দায়িত্বশীল সূত্র বলছে, রামচন্দ্রপুর খাল, কল্যাণপুর খাল ও রূপনগর খাল—এ তিনটি খনন ও রক্ষণাবেক্ষণে অন্তত নয় কোটি টাকা দরকার। সময়মতো খনন করা না হলে খরচ আরও বেড়ে যাবে। এ বছরে অভিযান কার্যক্রমের আওতায় থাকলেও অর্থের অভাবে নগরের সেগুনবাগিচা, মান্ডা ও মহাখালী খালে উচ্ছেদ হবে না। এসব খাল বরাদ্দের টাকা রূপনগর খালের খননকাজে যোগ হতে পারে।সূত্র বলছে, ঢাকা ওয়াসার হিসাব অনুযায়ী, কল্যাণপুরের প্রধান খালসহ তিনটি শাখা খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে খরচ করা হয়েছে এক কোটি ৮৩ লাখ টাকা। এর মধ্যে গত জানুয়ারিতে প্রধান খাল উদ্ধারে খরচ হয় ৪৫ লাখ টাকা। এ খালটি আগারগাঁও-তালতলা এলাকার জনতা হাউজিং থেকে শুরু হয়ে কল্যাণপুর সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়েছে। মাজার রোডের পশ্চিমে গেদারটেকসহ আশপাশের এলাকা থেকে কল্যাণপুর ‘ক’ শাখা খালের উচ্ছেদে ৯০ লাখ টাকা খরচ হয়। এ খালটি নন্দারবাগ এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে প্রধান খালের দিকে গেছে। গত জানুয়ারিতে মাজার রোডে নাভানা সিএনজি স্টেশন-সংলগ্ন ‘ঘ’ শাখা খালে দুই দফা অভিযানে খরচ হয় ৩২ লাখ টাকা। শেওড়াপাড়া, পীরেরবাগ এলাকা থেকে উত্তর-দক্ষিণে প্রধান খালের সঙ্গে মিশে যাওয়া ‘খ’ শাখা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে খরচ হয় ১৬ লাখ টাকা।ওয়াসার সূত্রমতে, উচ্ছেদ হলেও উন্নয়ন ও পায়ে চলার পথ তৈরির কাজ অনেক পিছিয়ে আছে। শুধু কল্যাণপুরের খালের উন্নয়ন ও পায়ে চলার পথ তৈরির জন্য দরকার হবে ২০৫ কোটি টাকা।গত ১২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পল্লবীর রূপনগর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে ওয়াসা খরচ করেছে প্রায় ২৫ লাখ টাকা। মাঝে বিরতি দিয়ে কয়েক দফা অভিযানে উচ্ছেদ করা হয় প্রায় ৯৫০টি স্থাপনা। ওয়াসার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, উচ্ছেদের পর খননকাজ করা যাচ্ছে না অর্থের অভাবে। এখানে খনন ও পাড় বাঁধাইয়ের কাজে অন্তত পাঁচ কোটি টাকা দরকার। এ খালের জন্য ওয়াসার হাতে আছে প্রায় দেড় কোটি টাকা, তা-ও অন্য খাত থেকে আনা। তিনি বলেন, আড়াই বছর আগেও রূপনগর খালে উচ্ছেদ কার্যক্রমে খরচ হয়েছিল ৭০ লাখ টাকা। তখনো সময়মতো খনন না করায় খাল আবার ভরাট হয়ে গিয়েছিল।গত সেপ্টেম্বরে মোহাম্মদপুর রামচন্দ্রপুর খালে উচ্ছেদ অভিযানে খরচ করা হয় ৪০ লাখ টাকা। অভিযানের পর কিছু খননকাজ করার পর বাকি কাজ ফেলে রাখা হয়। যথাসময়ে খনন না করায় খাল আবার ভরাট হয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের কাছে খননকাজ হলেও সেগুলো আবার দৈনন্দিন গৃহস্থালির আবর্জনায় ভরে যাচ্ছে। থেমে যাচ্ছে পানিপ্রবাহ। আদাবর বায়তুল আমান হাউজিংয়ের কাছেও খাল বারোয়ারি বর্জ্যে ভরে গেছে।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, উচ্ছেদের পর খনন ও পুনর্বাসন কাজের জন্য ওয়াসার আট কোটি টাকা বরাদ্দ রয়েছে। সে টাকায় কিছু কাজ হয়েছে। এর বেশি টাকা লাগলে সরকারের কাছে আবেদন জানানো হবে। তিনি বলেন, বর্তমানে খালগুলো আগের অবস্থায় নেই। এখন উচ্ছেদের পর পুনর্দখল যাতে না হতে পারে, সে বিষয়ে এলাকাবাসীও সজাগ। বরাদ্দকৃত আট কোটি টাকার মধ্যে দেড় কোটি টাকার মতো খরচ করা হয়েছে রামচন্দ্রপুর খালে। কর্মকর্তারা বলছেন, সেখানে লাগবে প্রায় আড়াই কোটি টাকা।