তিন খুনের তিন দিনের মধ্যে হাজারবিঘায় গণডাকাতি
তিন হত্যাকাণ্ড এবং ২০ জনের আহত হওয়ার ঘটনায় শোক ও আতঙ্ক না কাটতেই তিন দিনের মধ্যে ঢাকার দোহার উপজেলার বিলাশপুরের হাজারবিঘা গ্রামে গণডাকাতি হয়েছে। গত বুধবার রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতেরা পাশাপাশি গ্রামের ছয়জনের বাড়িতে ব্যাপক লুটপাট চালায়।
ডাকাতির শিকার পরিবারের লোকজন অভিযোগ করেছেন, তিন হত্যা মামলার আসামিরা তাঁদের ভয় দেখানো এবং আর্থিকভাবে ক্ষতি করার জন্য ডাকাতি করেছে।
নির্বাচনের পরদিন গত সোমবার সকালে হাজারবিঘা গ্রামে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান খানের সমর্থক বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুকুম আলী চোকদারের লোকজনের হামলায় দলের তিন কর্মী নিহত ও ২০ জন আহত হন।
ওই ঘটনায় বাবা ও ভাইকে হারিয়ে মান্নান খানের ছোট ভাই মোতালেব খানসহ দেড় শ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মোতালেব খন্দকার। বুধবার দিবাগত রাতে মোতালেব খন্দকারের পাশের ছয়টি পরিবারের বাসায় ডাকাতি হয়।
ডাকাতির শিকার আফজাল ফকির প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত একটার দিকে কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলামাত্র ১৪-১৫ জন মুখোশ পরা ডাকাত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘুরে ঢোকে। ডাকাতেরা তাঁর ঘর থেকে ৩৮ হাজার টাকা লুটে নেয়।
পরে ডাকাতেরা পাশেই আফজালের দুই প্রবাসী ছেলের ঘরে হানা দেয়। বড় ছেলের স্ত্রী সাজেদা বেগম বলেন, ডাকাতেরা তাঁদের ঘর থেকে ৬২ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করে।
এরপর ডাকাতেরা প্রবাসী আজিজ শেখের বাড়িতে হানা দেয় এবং একইভাবে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। আজিজের স্ত্রী ও মেয়েকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে ৪৮ হাজার ৫০০ টাকা, তিন ভরি স্বর্ণ ও পাঁচ ভরি রুপার অলংকার লুটে নেয়।
এভাবে ডাকাতেরা গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন ও বিল্লাল হোসেন, হবি মৃধা, মিয়া চান সিকদার ও তোতা মিয়া সরদারের বাড়িতে লুটপাট চালায়। সাতটি বাড়ি থেকে ডাকাতেরা দুই লাখ ৭০ হাজার টাকা, প্রায় ২০ ভরি স্বর্ণ ও সাত ভরি রুপার অলংকার লুটে নেয়।
আফজাল ফকির ও তাঁর পুত্রবধূ সাজেদা বেগম বলেন, লুটপাট শেষে ডাকাতেরা তাঁদের হুমকি দিয়ে বলেছে, ‘আমাগো তো মামলা দিয়া এলাকাছাড়া করছস, এবার তগো ঘুম হারাম কইরা দিমু।’
একই ধরনের বক্তব্য দেন বিলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মোল্লা। তিনি অভিযোগ করেন, তিন হত্যা মামলার আসামিরা মামলার বাদী, সাক্ষী ও গ্রামের লোকজনকে ভয় দেখানোর জন্য ডাকাতি করতে পারে।
ডাকাতির ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুরে সাত ডাকাত গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি জানান, ডাকাতির পরিকল্পনাকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোহাগাছ ফালু মার্কেট এলাকা থেকে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে সাতটি রামদা, গ্রিল কাটার দুটি কেঁচি ও দুটি লোহার এঙ্গেলের কাওয়াল জব্দ করা হয়েছে।