মাইক্রোবাস ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকার আশুলিয়া থানার পুলিশ। তাঁদের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ ছিনতাই হওয়া একটি মাইক্রোবাস গত রোববার রাতে উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশ ও সাংবাদিকদের কাছে চারটি মাইক্রোবাস ছিনতাই ও দুজন চালককে হত্যার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আশুলিয়ার নরসিংহপুর এলাকার গ্যারেজমালিক বকুল হোসেন (৩০) ও তাঁর স্ত্রী আসমা হোসেন এবং মানিকগঞ্জ সদর উপজেলার ফাঁড়িরচর গ্রামের আনোয়ার হোসেন (৩৫)।আশুলিয়া থানার পুলিশ জানায়, বকুল ও আনোয়ার গত রোববার সকালে ছিনতাইয়ের উদ্দেশ্যে আশুলিয়ার পল্লী বিদ্যুত্ এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করতে যান। তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাঁরা এলোমেলো তথ্য দিলে ওই দিনই তাঁদের আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে বকুল ও আনোয়ার মাইক্রোবাসের দুই চালককে হত্যা ও চারটি মাইক্রোবাস ছিনতাইয়ের কথা স্বীকার করেন। এরপর তাঁদের দেওয়া তথ্যানুযায়ী, ওই দিন গভীর রাতে আছিয়াবাদ গ্রামের বকুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আশুলিয়ার ডেন্ডাবর গ্রামের জসিমউদ্দিনের ছিনতাই হওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ সময় বকুলের স্ত্রী আসমা হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। আশুলিয়া থানা হেফাজতে থাকা বকুল হোসেন গতকাল সোমবার সাংবাদিকদের কাছে স্বীকার করেন, আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত তাঁরা চারটি গাড়ি ছিনতাই করেছেন। এর মধ্যে মাইক্রোবাসের দুজন চালককে হত্যা করেছেন তাঁরা।