তিন গুণীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সাংগঠনিকভাবে তৎপরতা চালিয়ে আলোচিত মণিপুরি নারী সৌদামিনী শর্মাসহ সিলেটের তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে আদিবাসীদের উন্নয়নে গঠিত বেসরকারি সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো)। গতকাল বুধবার বিশ্ব মানবাধিকার দিবসে সিলেটে দিনব্যাপী অনুষ্ঠান শেষে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সৌদামিনী ছাড়াও সম্মাননা পাওয়া অন্য দুজন হলেন সুশাসনের জন্য নাগরিক সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও ইন্টিগ্রেটেড মণিপুরি অ্যাসোসিয়েশনের সহসভাপতি ক্ষীর সিংহ।
মৌলভীবাজারের সৌদামিনী ‘তেতইগাঁও হৈরী পাইবী সমাজকল্যাণ সংস্থা’ নামের একটি সংগঠনের সভানেত্রী। সামাজিক এ সংগঠনের মাধ্যমে তিনি নারীদের মাদকবিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করে প্রায় দুই বছর ধরে কাজ করে যাচ্ছেন। তিনি সম্মাননা গ্রহণ করে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠন করেছি আমরা। এ অর্জন আমাদের সবার। এই সম্মাননা নারী অধিকার ও মানবাধিকার রক্ষার কাজে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।’
মানবাধিকার দিবস উপলক্ষে একডো সকালে জেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে শোভাযাত্রা বের করে। দুপুরে মিলনায়তনে করে আলোচনা সভা। সেখানেই তিন গুণীকে সম্মাননা দেওয়া হয়।