টাঙ্গাইলের সখীপুরে বনের গাছ কাটার মামলায় তিন গৃহবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অথচ এই গৃহবধূদের বিরুদ্ধে কবে মামলা হয়েছে তা তাঁরা জানেন না। গত বুধবার রাতে একজন ও গত মঙ্গলবার রাতে দুজনকে নিজ নিজ বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করে সখীপুর থানা-পুলিশ। পুলিশ বলছে, ওই তিন নারীর নামে বন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তার হওয়া তিন নারী হচ্ছেন উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের বিদুরিয়া গ্রামের মজনু মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৪৫), একই ইউনিয়নের মহানন্দপুর গ্রামের আফছার আলীর স্ত্রী সোমলা খাতুন (৪০) ও একই গ্রামের দুলাল হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩৫)। রোকেয়া বেগমের স্বামী মজনু মিয়াও গ্রামের একটি মারামারির মামলায় ছয় মাস ধরে কারাগারে আছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন, সখীপুরে কখনো নারীদের বন মামলায় আসামি হতে দেখা যায়নি। নারীরা সাধারণত রাতে গিয়ে বন থেকে গাছ কাটেন না। কখন কোথায় তাঁরা গাছ কেটে আসামি হয়েছেন, তাও তাঁরা জানেন না।
আফছার আলী গতকাল মুঠোফোনে বলেন, ‘আমার স্ত্রী কবে, কোথায় সরকারি বনের গাছ কেটেছে, কবে মামলা হয়েছে আমরা কেউই জানি না। পরে আদালতে খোঁজ নিয়ে জানলাম, আমার স্ত্রী নাকি প্রায় পাঁচ-ছয় বছর আগে সরকারি বনের গাছ কেটে সরকারি সম্পদের ক্ষতিসাধন করেছে।’
বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের কর্মকর্তা আতাউল মজিদ বলেন, ওই তিন নারীর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থানায় এসেছে। ওই তিন নারীর বিরুদ্ধে কমপক্ষে ৫ থেকে ১০ বছর আগে মামলা হয়েছে। মামলার বিস্তারিত তথ্য জানতে হলে তিন-চার দিন ব্যয় করে পুরোনো নথি খুঁজতে হবে।