তিন গৃহবধূকে হত্যা, স্বামীরা পলাতক
মাদারীপুর সদর উপজেলা, শরীয়তপুরের জাজিরা ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গতকাল সোমবার তিন গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তাঁদের হত্যা করা হয়েছে। তিনজনের স্বামীই পলাতক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদারীপুরের গৃহবধূর নাম হাওয়া আক্তার (৩৫)। গত রোববার গভীর রাতে তাঁর স্বামী তাঁকে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১৮ বছর আগে শহরের ডিসি ব্রিজ এলাকার নাহিদ হাওলাদারের সঙ্গে সদর উপজেলার চরব্রাহ্মণদী এলাকার হাওয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকত। এর জেরে রোববার রাতে হাওয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন হাওয়ার স্বজনেরা।
হাওয়ার বড় ভাই সোহেল প্যাদা প্রথম আলোকে বলেন, ‘নাহিদ মাদকদ্রব্য বিক্রি করে। আমার বোন বাধা দিলে তাকে প্রায়ই মারধর করা হতো। রোববার রাতে আমার বোনকে শ্বাসরোধে হত্যা করে নাহিদ। মামলা না করতে হুমকি দিচ্ছে।’
নাহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে।
এদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার হারানটুনিকান্দি গ্রামে স্বামীর বাড়ি থেকে রেশমা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামী নুরুল আমীন শেখ ও তাঁর পরিবারের সদস্যরা রেশমার লাশ বসতঘরে রেখে দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গত বছর ভ্যানচালক নুরুল আমীনের সঙ্গে রেশমার বিয়ে হয়। এর আগেও নবম শ্রেণিতে পড়ার সময় রেশমার আরেকটি বিয়ে হয়েছিল। আর নুরুল বিয়ে করেছিলেন তিনটি।
রেশমার মা মমতাজ বেগম বলেন, নুরুল তিনটি বিয়ে করার তথ্য তাঁদের কাছে গোপন করেন। রেশমাকে বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই নুরুল মারধর করতেন। রেশমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁকে হত্যার পর বসতঘরের খাটের ওপর লাশ রেখে নুরুল ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে যান।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুমারনল গ্রাম থেকে নাজমা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাজমা বেগম (৩৫) কলারোয়া উপজেলার হরিণা গ্রামের আবদুল করিমের মেয়ে ও কুমারনল গ্রামের আবদুল সবুর মোল্যার প্রথম স্ত্রী।