তিন গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য
দুই জেলায় তিনজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসব ঘটনা ঘটে। নিজ নিজ বাসগৃহ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
প্রায় দেড় বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার সাতারা পশ্চিমপাড়া গ্রামের মাসুদ রানার (২৮) সঙ্গে একই উপজেলার মির্জাপুর সরকারপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে আয়শা খাতুনের (২০) বিয়ে হয়। আয়শার মামা ইয়াছিন আলীর অভিযোগ, বিয়ের সময় তাঁরা মেয়েকে তিন ভরি স্বর্ণালংকার ও আসবাবপত্র দিয়েছেন। বাকি ছিল শুধু যৌতুকের ৫০ হাজার টাকা। এই টাকা নির্দিষ্ট সময়ে দিতে না পারায় মাসুদ ও তাঁর পরিবারের লোকজন বিভিন্নভাবে আয়শার ওপর নির্যাতন শুরু করেন। এ নিয়ে দু-তিনবার সালিসও হয়েছে। সালিসে তাঁরা টাকা পরিশোধের জন্য সময় চেয়ে নেন। কিন্তু এর অপেক্ষা না করেই তাঁর ভাগনিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। পরে এটিকে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
অভিযোগ অস্বীকার করে মাসুদ বলেন, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। পেটে ব্যথার কারণে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
জেলার ধুনট উপজেলায় একই কায়দায় উদ্ধার হয়েছে আরেকজন গৃহবধূর লাশ। তাঁর নাম সেলিনা খাতুন (৩২)। তিনি উপজেলার গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া গ্রামের আবদুল মোমিনের স্ত্রী।
ধুনট থানার পুলিশ পরিদর্শক পি এন সরকার জানান, সোমবার দুপুরে সেলিনার লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দুই পরিবার পুলিশকে না জানিয়েই লাশ দাফনের চেষ্টা করে। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তাঁরা থানায় খবর দেন। পরে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পি এন সরকার বলেন, প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া শহরের ঝিকিরা মহল্লার একটি ভাড়া বাসা থেকে সোমবার সকালে ঝুলন্ত অবস্থায় শান্তি খাতুনের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার পুংখারুয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মো. লিখন মিয়ার স্ত্রী ছিলেন।
পাবনার চাটমোহর উপজেলার সিদ্ধিগ্রামের মৃত শুকুর আলীর মেয়ে শান্তির সঙ্গে তাঁর খালাতো ভাই উল্লাপাড়ার পুংখারুয়া গ্রামের লিখন মিয়ার বিয়ে হয়। তাঁদের ছয় বছরের একটি ছেলে আছে। ছেলের লেখাপড়ার জন্য তাঁরা পৌরশহরে ভাড়া বাসায় থাকা শুরু করেন।
শান্তির চাচা ছোরমান আলীর ভাষ্যমতে, লিখন ঢাকায় আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার রাতে ঝগড়ার সময় শান্তিকে মারধর করেন লিখন। পরে একপর্যায়ে তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ সিলিংফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালান।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। ঘটনার পর থেকেই লিখন পলাতক।
[প্রতিবেদনের তথ্য পাঠিয়েছেন সিরাজগঞ্জ, শেরপুর ও ধুনট (বগুড়া) প্রতিনিধি]