তিন গৃহবধূসহ চারজন খুন, একটি লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া শহর ও কসবা উপজেলা, জামালপুরের সরিষাবাড়ী ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একজন অটোরিকশাচালকসহ তিন গৃহবধূ খুন হয়েছেন। ঈদের আগের দিন রোববার থেকে পরদিন মঙ্গলবার পর্যন্ত তিন দিনে এ হত্যাকাণ্ডগুলো ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ব্রাহ্মণবাড়িয়া: অটোরিকশাচালক জালাল মিয়া গত সোমবার রাত ১০টার দিকে শহরের মঠের গোড়া এলাকায় পরিচিত কয়েকজনের সঙ্গে চটপটি খাচ্ছিলেন। এ সময় সিগারেট খাওয়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে পরিচিতদের মধ্য থেকেই পাঁচ-ছয়জন তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে জালালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।
কসবা: উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় দায়ের কোপে ফায়েজা বেগম (৪৭) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। ফায়েজা শিকারপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ফায়েজা ও তাঁর দেবরের স্ত্রী ভানু বেগমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ভানু বেগম দা এনে ফায়েজাকে কুপিয়ে জখম করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ভানু বেগমকে গ্রেপ্তার করে।
সরিষাবাড়ী: উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের স্ত্রী কল্পনা বেগমকে (৩৫) গত সোমবার রাতে তাঁর স্বামী হারুণ মিয়া (৪০) পিটিয়ে এবং পরে মুখে বিষ ঢেলে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের মা দেলোয়ারা বেগম অভিযোগ করেন, ‘আমার মেয়েকে হারুণ পিটায় মেরে ফেলেছে। পরে মুখে বিষ ঢেলে দিছে।’
মতলব দক্ষিণ: মতলব উত্তরের বালুচর গ্রামের অটোরিকশাচালক জাকির হোসেনের সঙ্গে গত শনিবার গভীর রাত পর্যন্ত তাঁর স্ত্রী তাছলিমা আক্তারের (২৩) ঝগড়া হয়। পরদিন রোববার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে তাছলিমার ঘরে তাঁর লাশ দেখতে পান। এ সময় বাড়িতে আর কেউ ছিল না।
ভৈরবে লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোরে পৌর শহরের রেলস্টেশনের কাছের একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতের পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট।