তিন গ্রামপুলিশ হত্যারহস্য সাড়ে চার বছরেও উদ্ঘাটিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলালে তিনজন গ্রামপুলিশ খুনের ঘটনার প্রায় সাড়ে চার বছরেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি। হত্যাকাণ্ডের পর মামলাটি তদন্তে এ পর্যন্ত চারজন কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। দফায় দফায় তদন্ত করেও রহস্য উদ্ঘাটিত না হওয়ায় এর বিচার নিয়ে শঙ্কিত নিহত ব্যক্তিদের পরিবার। মামলার বাদী নিহত গ্রামপুলিশ আবদুল জলিলের স্ত্রী সাজেদা বেওয়া বলেন, ‘তিনজন মানুষকে জবাই করার পর বারবার তদন্ত করেও পুলিশ এর কূলকিনারা করতে পারল না। তাঁরা গ্রামপুলিশ না হয়ে যদি বড় কর্মকর্তা হতেন, তা হলে ঠিকই এ হত্যাকাণ্ডের বিচার হতো।’ এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৩ ডিসেম্বর গভীর রাতে ক্ষেতলাল-আক্কেলপুর সড়কের ফাঁসিতলায় কর্তব্যরত অবস্থায় মামুদপুর ইউনিয়নের গ্রামপুলিশ রইচ উদ্দিন, বাচ্চু মণ্ডল ও আবদুল জলিলকে গলা কেটে হত্যা করা হয়। পরে পাশের খালে তাঁদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই তিনজন গ্রামপুলিশের পরিবারের পক্ষে সাজেদা বেওয়া অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পরদিন ক্ষেতলাল থানায় একটি মামলা করেন। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন ক্ষেতলাল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ সোহরাওয়ার্দী। তিনি বদলি হওয়ার পর পরবর্তী ওসি লুৎফর রহমান তদন্তের ভার নেন। তদন্ত চলাকালে ২০০৭ সালের ১৯ জুলাই মামলাটি ডিবিতে স্থানান্তর করে ডিবির উপপরিদর্শক সামছুল আলমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এরপর সামছুল আলম বদলি হলে তদন্তের দায়িত্ব পান ডিবির পরিদর্শক রুহুল আলম। তদন্তকালে ওই কর্মকর্তারা বিভিন্ন সময়ে মোট ২১ জনকে গ্রেপ্তার করেন। এরপর তাদের দফায় দফায় রিমান্ডে নিয়েও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে না পেরে তদন্ত কর্মকর্তা রুহুল আলম ২০০৮ সালের ১৯ নভেম্বর আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেন। বাদী সাজেদা বেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে ২০০৯ সালের ১৩ মে জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিমের আদালতে নারাজি দরখাস্ত করেন। এরপর আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। সিআইডির উপপরিদর্শক আমজাদ হোসেন তদন্ত করলেও রহস্য উদ্ঘাটন করতে পারেননি। এরপর তদন্তের দায়িত্ব নেন সিআইডির পরিদর্শক নজরুল ইসলাম। তিনিও এ পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেননি।মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পরিদর্শক নজরুল ইসলাম জানান, মামলাটি এখনো তদন্তাধীন। হত্যাকাণ্ডের রহস্য শিগগির উদ্্্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।