তিন গ্রামের মানুষ জোয়ারে ভাসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ছবি l প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ছবি l প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের আন্ধারমানিক নদের মোহনায় নিজামপুর গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় বাঁধসংলগ্ন নিজামপুর, কোমরপুর ও পুরান মহিপুর গ্রামের বাসিন্দারা প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নিজামপুর গ্রামের ৪৭/১ নম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধটির নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থান থেকে ১৫ ফুট এবং দক্ষিণ নিজামপুর জলকপাটসংলগ্ন স্থান থেকে ১৩ ফুট আড়াআড়ি রিং বাঁধ ছুটে গেছে। এতে চরম ঝুঁকির মধ্যে পড়েছে নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। বাঁধের ওই ভাঙা অংশ দিয়ে প্রতিদিন জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। গ্রামের বাসিন্দাদের বাড়িঘরের উঠানে এখন দেড় থেকে দুই ফুট পানি জমে আছে। কৃষকের আউশ খেত পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ পুকুর ডুবে যাওয়ায় মাছ ভেসে গেছে। প্রতিদিন দুই দফা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বাঁধসংলগ্ন এলাকার তিনটি গ্রাম। তা ছাড়া প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মূল বন্যানিয়ন্ত্রণ বাঁধটির অন্তত সাতটি স্থান ঝুঁকির মধ্যে রয়েছে।
নিজামপুর গ্রামের বাসিন্দা সিদ্দিক মুন্সী জানান, জোয়ারের হাত থেকে বাঁচতে গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে ছুটে যাওয়া রিং বাঁধের কমপক্ষে ৬০০ ফুট মেরামত করার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে ১১ হাজার টাকা চাঁদা তোলা হয়েছে। সোমবার থেকে নিজ উদ্যোগে এই মেরামতকাজ শুরু হবে।

এ বাঁধের দুটি স্থান ভেঙে গ্রামে পানি ঢুকে পড়ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
এ বাঁধের দুটি স্থান ভেঙে গ্রামে পানি ঢুকে পড়ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

আশরাফ আলী মৃধা ও জিয়াউর রহমান অভিযোগ করেন, ‘প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের কারণে প্রথমে বাঁধ ভাইংগ্যা যায়। তহন নতুন কইরা বাঁধ দেওয়া হয়। এরপর আইলা, মহাসেনের প্রভাবে সাগরের জোয়ারের পানির চাপে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আবার মেরামত কইরা দেওয়া হয়। বারবার বাঁধ ভাঙবে ক্যান, হেইডা আমরা জানতে চাই।’ এসব বাসিন্দা আরও বলেন, ‘বঙ্গোপসাগর মোহনার আন্ধারমানিক নদের পাড়ের এই বাঁধের কাজটি ভালোভাবে অইলে এই রহম ভাঙতে পারে না। যথাযথ কাজ না অওনেই বারবার বাঁধ ভাঙছে।’
নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক ভদ্র বলেন, রিং বাঁধ ছুটে যাওয়ায় বিদ্যালয়ের ছেলেমেয়েদের এক কিলোমিটার এলাকা ঘুরে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। তা ছাড়া বাঁধ ভেঙে যাওয়ায় বিদ্যালয় ভবনটি চরম ঝুঁকির মধ্যে পড়েছে। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত করা না হলে বিদ্যালয় ভবন নদীগর্ভে চলে যেতে পারে।
নিজামপুর গ্রামের ইউপি সদস্য শামসুল হক হাওলাদার বলেন, ‘ইউপি চেয়ারম্যানসহ আমি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বাঁধের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানিয়েছি। দুঃখের বিষয়, পাউবোর নির্বাহী প্রকৌশলী সন্তোষজনক কোনো উত্তর দেননি, এমনকি ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকার অবস্থা দেখতেও আসেননি।’
কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, ‘আমরা ওই বাঁধের বর্তমান অবস্থা জানিয়ে পাউবোর ইসিআরআরপি নামে একটি প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। তাঁরা বিশ্বব্যাংকের সঙ্গে কথাও বলেছেন। তাঁদের কাছ থেকে অর্থসহ অনুমতি পেলে হয়তো জরুরি মেরামতকাজ শুরু করা যাবে।’ তিনি আরও বলেন, ‘তবে ওই প্রকল্পের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পেলে আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামতকাজ করে দেব।’