তিন গ্রামের মানুষ তিন মাস পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের তিনটি গ্রামের দেড় হাজার পরিবার সাড়ে তিন মাস ধরে পানিবন্দী। কপোতাক্ষ নদের জলকপাটগুলো বন্ধ থাকায় বৃষ্টি ও নদীর পানি উপচে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মফিদুল হক বলেন, উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া, চরকানাইদিয়া ও কৃষ্ণকাটি গ্রামের দেড় হাজার পরিবারের প্রায় আট হাজার মানুষ গত জুলাই থেকে গত রোববার পর্যন্ত পানিবন্দী অবস্থায় আছে। ফসলি জমি, বাড়িঘর, মাঠঘাট—সবকিছু পানিতে তলিয়ে গেছে। উপজেলা পরিষদ থেকে পরিবারপ্রতি পাঁচ কেজি চাল দেওয়া হয়েছে। ডায়রিয়া, সর্দিকাশি, নিউমোনিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে।

গত শনিবার দুপুরে কানাইদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, কানাইদিয়া-কপিলমুনি সড়ক পানিতে তলিয়ে আছে। একটি বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াতের মাধ্যম এখন নৌকা বা সাঁকো। শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি—সবই তলিয়ে রয়েছে পানিতে। কানাইদিয়া বলাইর মোড়ে রাস্তার ওপর দু-তিন ফুট পানি। সেখানে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি নৌকা। এক বাড়ি থেকে অন্য বাড়ি, আর বিদ্যালয়ে যেতে ছাত্রছাত্রীরা নৌকা ব্যবহার করছে।

গ্রামের মোড়ল আবদুর রশিদ ও আনোয়ারুল ইসলাম বলেন, জলকপাটগুলোর সামনে দুই বছর ধরে পলি পড়ায় সেগুলো বন্ধ হয়ে গেছে। এ কারণে পানিনিষ্কাশন হতে পারছে না। এর মধ্যে কানাইদিয়ার জলকপাটটি দিয়ে মূলত পানি নিষ্কাশিত হয়।

কানাইদিয়া গ্রামের আবদুল জলিল গাজী বলেন, ‘আমরা ত্রাণ চাই না। পানি সরানোর ব্যবস্থা করুন।’

খুপরি ঘরে আশ্রয় নেওয়া গ্রামের আবদুল্লাহ কারিগর বলেন, তিনি বাড়িঘর ছেড়ে দুই মাস আগে রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। পাটখড়ির বেড়া ও পলিথিন দিয়ে ঘর বানিয়েছেন। তাঁর মতো দুই শতাধিক পরিবার রাস্তার পাশে আশ্রয় নিয়েছে।

চরকানাইদিয়া গ্রামের আকলি বেগম বলেন, পানিতে সবকিছু ডুবে আছে। তাই বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।

কপিলমুনি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানায়, প্রতিদিন ভাড়ায় চালিত নৌকায় করে তারা বিদ্যালয়ে যাতায়াত করছে। নৌকা না পাওয়া গেলে পানি ভেঙে ভিজে বিদ্যালয়ে যেতে হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, কপোতাক্ষ নদ খনন না হলে পানিনিষ্কাশন করা যাচ্ছে না।

যশোরের কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী সফিকুর ইসলাম বলেন, পাখিমারা বিলে জোয়ারাধার (টিআরএম) শুরু করা হয়েছে। জোয়ারাধার ঠিকমতো কাজ করলে পানি নিষ্কাশিত হবে।