চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করে এঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। শাহ আমানত হলে ছাত্রলীগের ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির বৈঠক হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন সভাপতিত্ব করেন। বৈঠকে আলাওল হলে ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কলা অনুষদের ডিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় জড়িত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।১৯ ফেব্রুয়ারি আলাওল হল থেকে ছাত্রলীগের বহিরাগত কর্মীদের বের করে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে একদল ছাত্র হল ও প্রাধ্যক্ষের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। এ হামলার সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।এর আগে শাহ আমানত হল থেকে বহিরাগতদের বের করে দেওয়ার প্রতিবাদে ৯ ফেব্রুয়ারি সাধারণ ছাত্রদের নামে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রাধ্যক্ষের কার্যালয় ও তাঁর নামফলক ভাঙচুর করেন। গত ২৭ ডিসেম্বর কলা অনুষদে প্রথম বর্ষের সাক্ষাৎকার চলাকালে ডিন গোলাম কিবরিয়াকে অবরুদ্ধ করে রাখেন একদল যুবক।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, আলাওল হলে ভাঙচুরের ঘটনায় খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।