
৩৮ দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক তিনটি নেতিবাচক ঘটনা। এসব ঘটনায় বাধার মুখে পড়ে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহন। শিল্পের কাঁচামাল হাতে আসে নির্ধারিত সময়ের চেয়ে এক মাস দেরিতে। আবার একই কারণে পণ্য রপ্তানিও করা যায়নি। ফলে বড় ধাক্কা লেগেছে ব্যবসা-বাণিজ্যে। ক্ষতির পাল্লা এতটাই ভারী, যা কাটিয়ে উঠতে দীর্ঘসময় লেগে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের তিন ঘটনার মধ্যে কনটেইনারবাহী এক জাহাজ বিকল হওয়ায় ভোগান্তির মুখে পড়ে ৭৫৯ কনটেইনারে পণ্য আমদানিকারক ৪০৪টি ব্যবসাপ্রতিষ্ঠান। দক্ষিণ কোরিয়ার জাহাজ কোম্পানি ‘হানজিন শিপিং’ দেউলিয়ার মুখে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় সাড়ে পাঁচ হাজার কনটেইনারে আমদানি-রপ্তানিকারক সহস্রাধিক প্রতিষ্ঠান। সর্বশেষ প্রাইম মুভার ট্রেইলার মালিক-শ্রমিকদের কর্মবিরতিতে কনটেইনারবাহী গাড়ি চলাচল বন্ধ হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় পুরো রপ্তানি খাত।
এ তিন ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পোশাক খাতের ব্যবসায়ীরা। এর বাইরে ওষুধ, ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান, ভোগ্যপণ্যসহ নানা খাতের ব্যবসায়ীরাও নির্ধারিত সময়ে পণ্য হাতে না পেয়ে ভোগান্তির মুখে পড়েছেন।
বন্দর ব্যবহারকারী ফোরাম ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘জাহাজ বিকল হওয়ার ঘটনাটি দুর্ঘটনা। হানজিনের বিপর্যয়ে বিশ্বের অনেক দেশের মতো আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে কর্মবিরতির নামে কনটেইনারবাহী গাড়ি চলাচল বন্ধের মতো হঠকারী সিদ্ধান্তে ব্যবসায়ীদের কার্যত জিম্মি করা হয়েছে। তিন ঘটনায় আমদানি ও রপ্তানিকারক তথা ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ যে কেউ যাতে যখন-তখন পণ্য পরিবহন বন্ধ করে দিতে না পারে, সে জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বন্দর সূত্র জানায়, গত ১৮ আগস্ট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কনটেইনারবাহী এক জাহাজ বিকল হওয়ার পর থেকে ব্যবসায়ীদের ভোগান্তি শুরু হয়। এমভি ইউনি প্রুডেন্ট নামের ওই জাহাজে ছিল ৪০৪ জন আমদানিকারকের ৭৫৯ কনটেইনারভর্তি পণ্য। বিকল জাহাজটি মালয়েশিয়ায় নিয়ে চট্টগ্রামমুখী আরেকটি জাহাজে এক মাস পর ফেরত আনা হয় ৭২৬ কনটেইনারভর্তি পণ্য। পরে আরেকটি জাহাজে ৩৩ কনটেইনার পণ্য আনা হয় বলে গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান এমভি ইউনি প্রুডেন্ট জাহাজটির স্থানীয় প্রতিনিধি বারিধি শিপিং লাইনস লিমিটেডের পরিচালক আলী আশরাফ আহমেদ খান।
এই এক জাহাজ বিকল হয়ে পড়ায় ১১০টি পোশাকশিল্প প্রতিষ্ঠানের কাপড়, ১৪৮টি টেক্সটাইল কারখানার কাঁচামাল ও যন্ত্রপাতিসহ ওষুধ ও ট্যানারিশিল্প এবং ইস্পাত ও জুতার কারখানার কাঁচামালও হাতে পেতে নির্ধারিত সময়ের এক মাস বেশি লেগেছে। দেরিতে কাঁচামাল হাতে পাওয়ায় এখনো পণ্য রপ্তানি করতে পারেনি অনেক পোশাকশিল্প প্রতিষ্ঠান।
দক্ষিণ কোরিয়ার জাহাজ কোম্পানি হানজিন শিপিং গত ৩১ আগস্ট সে দেশের আদালতে দেউলিয়াত্ব সুরক্ষা আবেদনের পরই বিশ্বজুড়ে সমুদ্রপথে পণ্য পরিবহনে সংকট শুরু হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশেও। কারণ, হানজিনের পতন শুরু হওয়ার সময় বিশ্বের অনেক দেশের মতো এই কোম্পানির কনটেইনারে আটকা পড়ে বাংলাদেশের পণ্যভর্তি সাড়ে পাঁচ হাজার কনটেইনার।
হানজিন শিপিং বাংলাদেশ লিমিটেড জানায়, সিঙ্গাপুরের সিঙ্গাপুর, মালয়েশিয়ার কেলাং ও শ্রীলঙ্কার কলম্বো বন্দরে বাংলাদেশের আমদানি ও রপ্তানিকারকদের পণ্যবাহী ৫ হাজার ৩৫৬ একক কনটেইনার আটকা পড়েছে। এর মধ্যে ৯৪৮টি কনটেইনারে ছিল রপ্তানিমুখী পণ্য, যা ইউরোপ-আমেরিকায় নেওয়া হচ্ছিল। বাকি ৪ হাজার ৪০৮টি কনটেইনার রপ্তানিমুখী পণ্য তৈরির কাঁচামালসহ বিভিন্ন ধরনের আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে আসার পথে আটকা পড়ে। হানজিনের কনটেইনার পরিবহন করে মাশুল আদায় করা যাবে না, এমন অনিশ্চয়তা থেকে এ সংকট তৈরি হয়।
হানজিন জাহাজ কোম্পানির কর্মকর্তারা জানান, আটকে পড়া রপ্তানিমুখী কনটেইনারগুলোতে সিংহভাগই রয়েছে তৈরি পোশাক। আর আমদানিমুখী কনটেইনারগুলোয় অধিকাংশ হলো পোশাকশিল্পের কাঁচামাল, কাপড়, সুতা, তুলা ও যন্ত্রপাতি। আমদানি পণ্যভর্তি কনটেইনার এখনো হাতে পাননি ব্যবসায়ীরা।
আমদানি-রপ্তানিকারকের কাছে পণ্য পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত ফ্রেইট ফরোয়ার্ডের প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, তিন বন্দরে আটকে থাকা রপ্তানিমুখী পণ্য হানজিনের কনটেইনার থেকে সরিয়ে অন্য কোম্পানির কনটেইনার বোঝাই করা হচ্ছে। এ জন্য প্রতি কনটেইনারে বাড়তি টাকা খরচ করতে হয়েছে ফ্রেইট ফরোয়ার্ডারদের। বিদেশি ক্রেতারাও সময়মতো পণ্য হাতে পাননি।
সর্বশেষ এবং বড় ক্ষতিটা হয় গত ২৬ সেপ্টেম্বর কনটেইনার পরিবহনকারী গাড়ি মালিক-শ্রমিকেরা কর্মবিরতি শুরু করলে। এতে সংকটে পড়ে রপ্তানি খাত। কারণ, রেলপথ বাদ দিলে রপ্তানি পণ্যের ৯৫ শতাংশ কনটেইনারে পরিবহন হয় সড়কপথে। আবার আমদানি পণ্যের ৩৫ শতাংশ খালাস হয় কনটেইনারবাহী গাড়িতে। চার দিন কনটেইনারবাহী গাড়ি চলাচল না করায় মোট ৪ হাজার ৫৭৫ কনটেইনার পণ্য নির্ধারিত সময়ে রপ্তানি করা যায়নি। এসব রপ্তানি পণ্যভর্তি কনটেইনারসহ ডিপোতে আটকা পড়েছিল মোট ৬ হাজার ৯৩০ কনটেইনার পণ্য।
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রেইলার মালিক-শ্রমিকদের কর্মবিরতিতে যে ক্ষতি হয়েছে তার কোনো মাপকাঠি নেই। এ কর্মসূচিতে বেশি ক্ষতি হয়েছে পোশাক খাত।
সংগঠনের বন্দর ও জাহাজীকরণ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী বলেন, এ ধরনের কর্মসূচি কেউ যাতে দিতে না পারে, সে জন্য আইন করে বন্ধ করে দেওয়া উচিত। কারণ, এই ঘটনার ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে।