তিন ঘণ্টা আলো জ্বলেনি লক্ষাধিক মানুষের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে ভারত ও বাংলাদেশের ভূখণ্ডে থাকা ১৬২টি ছিটমহলের বাসিন্দারা গতকাল সোমবার নিষ্প্রদীপ কর্মসূচি পালন করেন। ১০ দিনের কর্মসূচির চতুর্থ দিন গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ছিটমহলগুলোর কোনো বাড়িতে আলো জ্বলেনি।কুড়িগ্রাম জেলার অন্তর্ভুক্ত ভারতের ছিটমহল দাশিয়ারছড়ার কালীরহাট বাজারে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এ সময় বক্তব্য দেন ছিটমহল সমন্বয় কমিটির নেতা মোজাফ্ফর হোসেন, আবদুল গনি, আমিনুল ইসলাম, বজলুর রহমান প্রমুখ।গোলাম মোস্তফা জানান, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলে গতকাল ৭০ হাজার বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে নিষ্প্রদীপ কর্মসূচি পালন করেন।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সদস্য ও পঞ্চগড়ের বোদা উপজেলার শালবাড়ী ছিটমহল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আজ (সোমবার) রাত নয়টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা জেলার অভ্যন্তরে ১২টি ছিটমহলে আলো জ্বলেনি।’ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গতকাল প্রথম আলোকে বলেন, ‘ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আজ (সোমবার) তিন ঘণ্টা নিষ্প্রদীপ কর্মসূচি পালন করে ৫০ হাজার লোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ তিনি জানান, ছিটমহলবাসীর সমর্থনে গতকাল কোচবিহার সদর, মেখলীগঞ্জ, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ ও দিনহাটা শহরের বাসাবাড়িতে সন্ধ্যা ছয়টা থেকে এক ঘণ্টা এবং বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ১৫ মিনিটের জন্য নিষ্প্রদীপ কর্মসূচি পালন করা হয়।ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উভয় দেশের নেতারা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) পালিত হবে অরন্ধন কর্মসূচি। এ দিন দুই দেশের ছিটমহলের কোনো বাড়িতে দুপুরে রান্নার চুলা জ্বলবে না।’ ২৮ সেপ্টেম্বর ছিটমহলের প্রতিটি বাড়িতে মোমবাতি প্রজ্বালন, ২৯ সেপ্টেম্বর দুপুরে মৌন মিছিল, ৩০ সেপ্টেম্বর সাইকেল মিছিল, ১ অক্টোবর সন্ধ্যায় উভয় দেশের ছিটমহলে মশাল মিছিল এবং ২ অক্টোবর সর্বত্র বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। এ সময়ের মধ্যে ভারত-বাংলাদেশের সরকার ছিটমহল বিনিময় না হলে ২ অক্টোবর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।